Home জাতীয় ধর্ষকদের দুই মিনিটের ফাঁসি মানা যায় না: ডা. জাফরুল্লাহ

ধর্ষকদের দুই মিনিটের ফাঁসি মানা যায় না: ডা. জাফরুল্লাহ

5

ঢাকা অফিস

ধর্ষকদের জন্য ফাঁসির পরিবর্তে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ এ দাবি জানান।

তিনি বলেন, ধর্ষণের মতো এতো বড় অপরাধ যারা করেছে তাদের দুই মিনিটের ফাঁসি মানা যায় না। আপনারা ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানান। সম্রাটের মতো কারাদণ্ড না। আজকে পিজি হাসপাতালে ১১ মাস তারা ভিআইপি কেবিনে কাটায়। এ ধরনের ছলনা নয়।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের বাড়ি ও প্রেসিডেন্ট হাউজ থেকে পুলিশ প্রত্যাহার করেন। আপনাদের জীবনের এতো ভয় কীসের। ভয় যদি থাকে তবে সামরিক বাহিনী দিয়ে পাহারা দেন। এ পুলিশ বাহিনীকে তার দেশের শৃঙ্খলা নিয়োগে রাখেন। প্রতিটি বাসে, রেলপথে পুলিশ দেন। রাস্তাঘাটে পুলিশ দেন। প্রতিটি গার্লস স্কুলের মেয়েদের কারাতে শেখান। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি শিক্ষার পরিবর্তন আনেন। নয়তো একদিন দু’দিনের আন্দোলনে সরকারের পতন হবে।

জাফরুল্লাহ বলেন, আজকে আপনারা যদি মনে করেন এ আন্দোলন থেমে যাবে, এটা ভুল। থামলেও আপনি শান্তি পাবেন না। আজকে আমাদের সবার দায়িত্ব আপনাকে অনুরোধ করা। আপনি সড়কে নেমে এসে স্বচক্ষে দেখেন। ডিজিটাল বাদ দিয়ে এখানে আসেন আমাদের সামনে এসে দাঁড়ান। তবেই জাতি বুঝবে আপনি এ জাতীয় সমস্যা সমাধান করতে চান।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেন, ধর্ষক-নির্যাতনকারীরা সরকারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিচার হয় না। নারীর প্রতি সব ধরনের সহিংসতা দূর করতে হলে জনগণের সরকার গঠন করতে হবে বলেও মন্তব্য তার।

মানববন্ধনে গণতান্ত্রিক বাম মোর্চার সম্বয়ক জোনায়েদ সাকীসহ অনেকেই বক্তব্য রাখেন। বিভিন্ন পেশাজীবীরাও মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) নারায়ণগঞ্জের শেখ রাসেল নগর পার্কের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘বাংলাদেশে কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ বিষয়ক গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা কি চাই ওদের ফাঁসি দেয়া হোক? আজকে যারা ধর্ষণ কিংবা যৌন নিপীড়ন করেছে, সেটা যত বড় জঘন্য অপরাধ, যে কর্মকর্তারা ও রাজনীতিবিদরা আমাকে ভোট দিতে দেয়নি সেও তো অপরাধ করেছে। জনসাধারণের সঙ্গে অপরাধ করেছে। তার অপরাধ আর ধর্ষণের অপরাধের মধ্যে কি খুব বেশি তফাত আছে। আজকে যদি এর ফাঁসি দিতে হয় তাহলে ওদেরও ফাঁসি দিতে হবে। তবে আমি পরিষ্কার করে বলি আমি ফাঁসির বিরুদ্ধে।