স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক বলেছেন, “যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা বিএনপির আদর্শ বোঝে না। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। আহত কর্মীদের ত্যাগ বৃথা যাবে না। যারা ভয় দেখিয়ে মানুষকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, তারা মূলত জনগণের শক্তিকেই ভয় পায়।”
শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রূপসার কাজদিয়া এলাকায় সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পারভেজ মল্লিক আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বলেন, “এই কর্মীরা কেবল রাজনীতির সহযোদ্ধা নন, তারা আমার পরিবারের সদস্য। তাদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। দলের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”
হাসপাতালে পারভেজ মল্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেরখাদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য তানজিল হাসান, সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাকু, দক্ষিণ কোরিয়া বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক গোলজার আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার কাজদিয়া বাজার এলাকায় পারভেজ মল্লিকের নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিকভাবে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে পারভেজ মল্লিক বলেন, “সংগঠনের শৃঙ্খলা রক্ষা করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে হবে।











































