Home খেলাধুলা ম্যাচ রেফারি নিয়ে আইসিসিতে পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান

ম্যাচ রেফারি নিয়ে আইসিসিতে পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান

5


স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল রূপ নিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় পাকিস্তান অধিনায়ককে ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় তাকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় পিসিবি। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির আইন ও অপারেশন্স বিভাগ থেকে পিসিবিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওই ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত ম্যাচ রেফারি পাইক্রফটের নয়, বরং এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এমনটা করা হয়েছিল।

চিঠিতে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করেননি। টসের সময় দুই অধিনায়ক হাত মেলাননি এবং ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে সৌজন্য বিনিময় না করেই ড্রেসিংরুমে ফিরে যান—এসব ঘটনায় রেফারির দায় নেই বলেই জানানো হয়।

তবে পিসিবি এখনও দাবি করছে, তারা আইসিসির পক্ষ থেকে এমন কোনো চিঠি পায়নি। ‘ক্রিকবাজ’ এই বিষয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করলে, বোর্ডের পক্ষ থেকে আইসিসির চিঠির তথ্য অস্বীকার করা হয়।

উল্লেখ্য, সেই ম্যাচে পাকিস্তানের ১২৭ রানের লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারেই ছুঁয়ে ফেলে ভারত। ম্যাচ শেষে দেখা যায়, পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর অপেক্ষায় থাকলেও ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এমনকি ভারতের ড্রেসিংরুম থেকেও কেউ পাকিস্তান দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেননি। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক পোস্টে পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে “ক্রিকেটের চেতনাবিরোধী” আচরণ করার অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানান। তিনি বলেন, আইসিসির আচরণবিধি ও এমসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ লঙ্ঘন করেছেন পাইক্রফট, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানের পরবর্তী ম্যাচ ঘিরে। আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের। আর সেই ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।

পূর্বঘোষণা অনুযায়ী, পিসিবি জানিয়ে রেখেছে—পাইক্রফটকে না বদলানো হলে তারা ম্যাচ খেলবে না। এখন প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই এ ম্যাচ বর্জন করবে পাকিস্তান? নাকি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা?