খুলনাঞ্চল রিপোর্ট
উদ্বেগজনকভাবে গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়ে চলেছে। আগস্ট মাসে দেশে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনায় ২৪ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ৫১ ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন।
গণপিটুনিতে নিহতের মধ্যে ১০ জনকে চুরির অভিযোগে, সন্দেহজনক চুরির অভিযোগে ৪ জনকে, ডাকাতির অভিযোগে ৩ জনকে, ১ নারীসহ ২ জনকে পূর্ব শত্রুতার জেরে, মাদক মামলার অভিযুক্ত ১ জন, ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে ও চাঁদাবাজির অভিযোগে ১ জনকে হত্যা করা হয়।
আগস্ট মাসের মানবাধিকার প্রতিবেদনে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এ চিত্র উঠে এসেছে। আজ রবিবার এমএসএফ গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায়। দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও নিজেরা তথ্যানুসন্ধান করে প্রতি মাসে প্রতিষ্ঠানটি দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, আগস্ট মাসে যত ঘটনা তুলে ধরা হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি দেশে গণপিটুনির ঘটনা ঘটেছে। ভয়ে এখন কেউ মুখও খুলতে চান না। চরম অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। তার একটি প্রমাণ এভাবে গণপিটুনির সংখ্যা বেড়ে যাওয়া।
রাজনৈতিক সহিংসতা: রাজনৈতিক সহিংসতায় আগস্ট মাসে ৪৯টি ঘটনার শিকার হয়েছেন ৫৪৯ জন। তাদের মধ্যে দুজন নিহত এবং ৫৪৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ এবং নিহত ব্যক্তিরা বিএনপির কর্মী-সমর্থক। সহিংসতার ৪৯টি ঘটনার মধ্যে ১১টি ঘটনায় রাজনৈতিক বিরোধ এবং সহিংসতাকে কেন্দ্র করে পার্টি অফিস, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সাংবাদিক নির্যাতন: পেশাগত দায়িত্ব পালনের সময় আগস্ট মাসে দেশের বিভিন্ন জেলায় ৩৩টি ঘটনায় ৯৬ সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগস্টে আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা জুলাই মাসের তুলনায় প্রায় তিন গুণ।
আগস্ট মাসে আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ১ জন হত্যা এবং ৩৬ জন সাংবাদিক আইনি হয়রানির শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ১ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন ১৬ জন সাংবাদিক এবং ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, চাঁদাবাজি ও মানহানির মামলা। জুলাই মাসে সাংবাদিকদের ওপর ১৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন।
কারা হেফাজতে মৃত্যু :এমএসএফের তথ্য অনুযায়ী আগস্টে কারা হেফাজতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল মোট ১০। এ মাসে ৩ জন কয়েদি ও ৭ জন হাজতির মৃত্যু হয়।
সংখ্যালঘু নির্যাতন: আগস্টে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতনের ১০টি ঘটনা ঘটে জানিয়ে এমএসএফের তথ্য অনুযায়ী, এসব ঘটনার মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট ২টি, ধর্ষণের ১টি, জমি দখলের ঘটনা ১টি, ১টি গুজব এবং ৩টি ঘটনায় কটূক্তির অভিযোগে ৩ জন যুবককে গ্রেপ্তার করা হয়। অপর দিকে পরিকল্পনাবিহীন দেয়াল নির্মাণে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বসতঘর ভেঙে যাওয়ার আশঙ্কা এবং জমি দখলের ঘটনা ঘটেছে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা: আগস্ট মাসে ৩৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে জানিয়ে এমএসএফের তথ্য অনুযায়ী, যা গত মাসের তুলনায় ৩টি কম। এ মাসে ধর্ষণের ঘটনা ৪৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৯টি, ধর্ষণ ও হত্যা ৪টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৯ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী। ধর্ষণের শিকার ৪৭ জনের মধ্যে ১১ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে, অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৬ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু ও ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ২৪টি, যৌন হয়রানি ২১টি, শারীরিক নির্যাতনের ৯৪টি ঘটনা ঘটেছে।











































