Home জাতীয় লাল টি-শার্ট পরা ব্যক্তিকে ঘিরে রহস্য

লাল টি-শার্ট পরা ব্যক্তিকে ঘিরে রহস্য

23

ঢাকা অফিস।।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। এ ঘটনার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। সেই সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর লাল টি-শার্ট পরা ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার গাড়িচালক এমন তথ্য প্রকাশ হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।


ঘটনার ভিডিওতে দেখা যায়, নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকর্মী একটি ভবনের সিঁড়ির সামনে বসে আছেন। এমন সময় লাল টি-শার্ট পরা এক ব্যক্তি সাদা পাঞ্জাবি পড়া একজনকে লাঠি দিয়ে বেধড়ক পিটাতে শুরু করেন। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে লাল টি-শার্ট পরা ব্যক্তিকে পুলিশ সদস্যরা আটক করেন, তখন ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করার পর ছেড়ে দেয়া হয়।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, লাল টি-শার্ট পরা ব্যক্তি আসলে ছাত্রনেতা সম্রাটকে পেটাচ্ছিলেন, নুরকে নয়। তিনি ফেসবুক পোস্টে দাবি করেন ওই পুলিশ সদস্য তার বিপি নম্বর-৯৭১৭১৯৭২৪৩। লাল টি-শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেয়ার সুযোগ নেই। সেনাবাহিনীই নুরুল হক নুরকে পিটিয়েছে। অতীতে আমরা সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই। কিন্তু সেনাবাহিনীর যেসব সদস্য নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

অন্যদিকে, গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ব্যক্তি ডিবি পুলিশের কেউ নয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে কয়েকটি টিম কাজ করছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ওই ব্যক্তি একজন পুলিশ সদস্য।