স্টাফ রিপোর্টার
গত রোববার বিকালে হঠাৎ করেই ভাইরাল হয় শাকিব খানের সঙ্গে বুবলী ও তাদের পুত্র বীরের একাধিক ছবি। সেসব ছবিতে শাকিব ও বুবলীকে বেশ রোমান্টিক মুডে দেখা গেছে। যখন এই ছবিগুলো নিয়ে আলোচনা চলছিল ঠিক তখন একটি বইয়ের মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন চিত্রনায়িকা ও শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। অনুষ্ঠানে বেশ হাস্যোজ্জ্বল অপুকে আবিষ্কার করা যায়। সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এখন মূলত ব্যবসা নিয়ে ব্যস্ত। আমি বেশ কিছু ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবো সামনে। তাছাড়া, ফটোশুট নিয়েও ব্যস্ততা যাচ্ছে। আমার হাতে বেশ কিছু সিনেমার চিত্রনাট্য আছে। সেগুলো পড়ছি। তবে, এখনো কোনো ছবি পাকাপাকি করিনি। কারণ মানসম্পন্ন সিনেমা ছাড়া আসলে কাজ করতে চাচ্ছি না। সেরকম কিছু হলে অবশ্যই আপনারা জানবেন। এদিকে, গত সরকারের আমলে আওয়ামী লীগের বেশ কিছু প্রচার-প্রচারণায় দেখা গেছে তাকে। সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে, এবার রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই অপু বিশ্বাস বলেন, আমি রাজনীতি করিনি। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। আমি অভিনয়শিল্পী, পাশাপাশি ব্যবসা করছি। সেটা নিয়েই থাকতে চাই। যুক্তরাস্ট্রে শাকিব-বুবলীর একসঙ্গে ছবি প্রসঙ্গে অপু বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ করা হয়। উত্তরে অপু বলেন, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। যাদের কথা জিজ্ঞেস করছেন তারাও প্রফেশনাল আর্টিস্ট। তাই আর্টিস্ট হয়ে অন্য আর্টিস্টদের নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে বলা আমার ঠিক হবে না। আমি সবাইকেই সম্মান করি।










































