স্পোর্টস ডেস্ক
এমনিতেই বার্সেলোনায় জুল কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। সেটি আরও ৩ বছর বাড়ছে। অর্থাৎ, ২০৩০ সাল পর্যন্ত স্পেনের এই ক্লাবটিতেই থাকছেন এই ডিফেন্ডার।
বার্সেলোনায় গত মৌসুমগুলোতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন কুন্দে। তার স্বীকৃতিস্বরূপই বাড়ল চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে খুশি কুন্দেও। কাতালার ক্লাবটির হয়ে প্রতি মৌসুমেই শিরোপার জন্য লড়াই করতে চান তিনি।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে বার্সেলোনার এশিয়া সফরে এখন দক্ষিণ কোরিয়াতে আছেন কুন্দে। সেখানে নতুন চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি দারুণ খুশি।’
তরুণ এই ফুটবলার আরও বলেন, ‘বেশ দ্রুতই সবকিছু হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব ও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ।’
কুন্দে বার্সেলোনায় যোগ দেন ২০২২ সালে। পেশাদার ক্যারিয়ার তার শুরু হয়েছিল ফরাসি ক্লাব বহদুর একাডেমিতে। এরপর ২০১৯ সালে নাম লেখান স্পেনেরই আরেক ক্লাব সেভিয়ায়। সেখানে তিন মৌসুম কাটিয়েই ভেড়েন বার্সায়। ক্লাবটির হয়ে ১৪১ ম্যাচ খেলে গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে। এখনো পর্যন্ত কাতালানদের হয়ে দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন তিনি।










































