Home বিনোদন ‘আমি কিন্তু অনেক রোমান্টিক’

‘আমি কিন্তু অনেক রোমান্টিক’

13


বিনোদন ডেস্ক।।

ঈদুল আজহায় নারীপ্রধান সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এ অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন গোয়েন্দা পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে ও পরে সিনেমাটির প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন বাঁধন। কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে।


সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনয়ের পাশাপাশি তিনি কথা বলেছেন তার ব্যক্তিজীবন নিয়ে। বলেছেন, ‘ট্রমা ছাড়া সমাজে দু-চারটা মেয়েও পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে আমাদের সমাজের প্রায় সব মেয়েই পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন বা অন্যদের দ্বারা ট্রমায় পড়েছেন। আমিও তেমনই একজন, আমিও ট্রমায় ছিলাম। বাস্তব জীবনের ট্রমা এবার সিনেমার চরিত্র গঠনে কাজে লাগিয়েছি। শিল্পীজীবনের ক্রাইসিস আমাকে সমৃদ্ধ করেছে। সেগুলো দিয়ে রীনা চরিত্রটি অনুভব করতে সুবিধা হয়েছে।’

পর্দায় নিজেকে ভিন্ন চরিত্রে দেখা চান বাঁধন। কারণ বেশির ভাগ দর্শক মনে করেন- বাঁধন প্রতিবাদী ও ভিন্ন ধরনের গল্পে অভিনয় করে থাকেন। আর এই ট্যাগ ভাঙতে চান তিনি। বাঁধনের কথায়, ‘নেগেটিভ চরিত্রে অভিনয় করার আমার খুব ইচ্ছা। আবার রোমান্টিক, হরর, অ্যাকশন- এসব গল্পও করতে চাই। আমি কতটা রোমান্টিক, এটা দর্শক বুঝতে পারছেন না। আমি কিন্তু অনেক রোমান্টিক। সেই গল্পও করব।’

রোমান্টিক ও অ্যাকশন সিনেমার জন্য রায়হান রাফীর সঙ্গে কাজও করতে চান এই অভিনেত্রী। সবশেষ নতুন সিনেমার খবর জানান তিনি। বাঁধনকে এবার দেখা যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার চরিত্রে। ‘মাস্টার’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বাঁধন বলেন, ‘এখনো ঈদের সিনেমার প্রচারণায় আছি। দর্শক নারীপ্রধান একটি চরিত্রকে এতটা আগ্রহের সঙ্গে নেবেন, সেটা অপ্রত্যাশিত ছিল। সিনেমাটি নিয়ে আরও সময় দিতে চাই। এ ছাড়া নিজ উদ্যোগেই ফাইটিং শিখছি। প্রস্তুতিটা নিয়ে রাখছি। সময় হলে কাজে লাগাব। আর আমার কাজ নিয়ে তাড়াহুড়া নেই। আফসোস নেই। রেহানা করেছি, বিশাল ভরদ্বাজের খুফিয়া করেছি, এশা মার্ডার করলাম। ভালো চরিত্রের প্রস্তাব পাচ্ছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি। একজীবনে এর বেশি আর কি লাগে।’