সৈয়দ রানা কবীর
এবারই প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পদ্ধতিতে ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যার প্রথম সুচনা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট দিয়ে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে নিয়োগে ১৭ জন শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে তাদের জীবনবৃত্তান্তসহ আবেদন পত্র জমা দিয়েছেন। সার্চ কমিটি প্রাপ্ত জীবনবৃত্তান্ত গুলো যাচাই-বাছাই করে কুয়েটের জন্য ভিসি নিয়োগে ৩ জনের নাম সুপারিশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কুয়েটের প্রশাসনিক শাখা সূত্র জানাগেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য (ভিসি) নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় এবার প্রথম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য (ভিসি) নিয়োগে তৎপর হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে অনতর্বরতি সরকারের শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠিত হয়েছে । এই সার্চ কমিটির যাচাই ও বাছাইয়ের পরই ৩ জনের নাম সুপারিশ করবেন।
সার্চ কমিটির মাধ্যমে ভিসি নিয়োগের সূচনায় প্রথমেই রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদে নতুন নিয়োগের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পদ্ধতিতে ভিসি নিয়োগের প্রক্রিয়া।
আগে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের উপর প্রধানমন্ত্রীর সম্মতিতেই ভিসি নিয়োগ হতো। ছিল না কোনো যাচাই-বাছাই। ছিল না কোনো সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া। দলীয় আনুগত্যই প্রাধান্য পেত। নতুন প্রক্রিয়া শুরু মধ্য দিয়ে আগের নিয়ম থেকে সরে আসলো শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে প্রধান করে এরই মধ্যে ভিসি নিয়োগের নতুন প্রক্রিয়ার সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপনও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সার্চ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফেরদৌস আজিম। শেষ দিনে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের জন্য ১৭ জন শিক্ষকের আবেদন পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম তাজকিরুজ্জামান বলেন, প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে সার্চ কমিটি প্রয়োজনে আবেদনকারীদের সাক্ষাৎকারও নিতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রক্রিয়া অনুস্মরণ করে আগামী পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে এই বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাপ্ত জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত তিনজনকে বাছাই করবে। বাছাইকৃতদের মধ্য থেকে একজনকে ভিসি হিসেবে মনোনয়নের নিমিত্তে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের জন্য সুপারিশ প্রেরণ করবে সার্চ কমিটি।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সার্চ কমিটি ভবিষ্যতেও একইভাবে উপাচার্যের অনুরূপ প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে বলে সুত্রে জানাযায়।
শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৮ মে প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে আগ্রহীদের বয়স ন্যূনতম ৪৫ বছর হওয়ার পাশাপাশি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা/ব্যবস্থাপনা, বিশেষত শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্র কল্যাণ ও একাডেমিক কাজে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে (কিউ-১ থেকে কিউ-৪ শ্রেণিভুক্ত) উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা, গবেষণাগ্রন্থ, পাঠ্যপুস্তক। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যের স্বীকৃতি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সুত্রে জানাগেছে।









































