খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় সম্পদ রক্ষার দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’এর ব্যানারে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ আগামীকাল শনিবার শেষ হচ্ছে।
শুক্রবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচির শুরু হয়। বন্দরনগর চট্টগ্রামের উদ্দেশে শুরু হওয়া এই রোর্ডমার্চ বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালন শেষে আজ রাতে ফেনী শহরে এসে পৌঁছায়। সেখানে রাত্রিযাপন করার পর আগামীকাল শনিবার রোডমার্চের চট্টগ্রাম পর্ব শুরু হবে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের কথা রয়েছে। সেখানে কর্মসূচি পালনের পর চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পথসভা হবে। এরপর চট্টগ্রাম নগরের এ কে খান এলাকায়ও একটি পথসভার কর্মসূচি রয়েছে। সবশেষ ওইদিন বিকেল ৫টায় চট্টগ্রাম কাস্টমস হাউজ মোড়ে সমাপনী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হবে।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী জেলা সিপিবি সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন জানান, লাভজনক চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের লিজ দেওয়ার পরিকল্পনা বন্ধ করা ও মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ২৭ ও ২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রোডমার্চের বহর ফেনীর মহিপাল পৌঁছে সেখানে রাতযাপন করবে এবং শনিবার সকাল সাড়ে ৯টায় ফেনী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দাউদপুল ব্রিজের পাশ থেকে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। এতে প্রগতিশীল বাম গণতান্ত্রিক জোট ও দেশপ্রেমিক শক্তির বিভিন্ন নেতারা উপস্থিত থাকবেন।











































