Home বিনোদন ফুলের বাগানে নতুন লুকে শাবনূর

ফুলের বাগানে নতুন লুকে শাবনূর

5

বিনোদন ডেস্ক।।


এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে। তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে। তবে দূরদেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন চিত্রনায়িকা।

শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন এ চিত্রনায়িকা।

শুক্রবার (২৭ জুন) ফেসবুকে নতুন চারটি ছবি শেয়ার করেছেন শাবনূর। আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সবুজ গাছের লাল-গোলাপি ফুলের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছেন ৯০ এর পর্দা কাঁপানো অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে।’

এ সময় গাঢ় নেভি ব্লুয়ের টপসে সাদা রংয়ের ওভার কোর্ট পরেছিলেন শাবনূর। খোলা চুলের নতুন এ লুক ভক্ত ও নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।