ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর, শাশুড়ি ও ননদের হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ গুরুতর আহত হয়েছে।আহত ওই গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকালে উপজেলার শরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর এলাকার বক্কার বিশ্বাসের ছেলে জাকির হোসেনের সাথে মেছাঘোনা এলাকার মৃত মনিরুল শেখের কন্যা ফারজানা খাতুনের বিগত ৪ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে রুহান বিশ্বাস নামে ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুর, শাশুড়ি ও ননদের সাথে প্রায় সময় বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তারই জের ধরে ঘটনার দিন বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনায় শ্বশুর আবু বক্কার, সৎ শাশুড়ি শাহানারা বেগম ও ননদ আঞ্জুয়ারা বেগম উত্তেজিত হয়ে ৯ মাসের গৃহবধূ ফারজানা খাতুন কে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











































