Home আঞ্চলিক নগরীতে অস্ত্র-গোলাবারুদ এবং বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

নগরীতে অস্ত্র-গোলাবারুদ এবং বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

124


স্টাফ রিপোর্টার

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ৩০ জানুয়ারি দুপুর দুইটা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট হতে সন্ত্রাসী (১) মোঃ শান্ত ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজির শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং (২) মোঃ আলিমুল হোসেন (২০), পিতা-মৃত মুরাদ হোসেন মুন্না, সাং-বেজপাড়া, চোদ্দারপাড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর’দ্বয়কে গ্রেফতার করেছে। সম্মেলন কক্ষে রাত সাড়ে আটটায় প্রেস ব্রিফিং করেন কেএমপি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে থাকা অস্ত্র-গোলাবারুদ এবং বোমা সম্পর্কে তথ্য প্রকাশ করে। তাদের প্রদত্ত তথ্য মোতাবেক বর্ণিত ফ্ল্যাট হতে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শট গানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।


উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরীর উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।
প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১ টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।