স্পোর্টস ডেস্ক
চিটাগং কিংসের জয়ে দিনের প্রথম ম্যাচেই বিদায় নিশ্চিত হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। ওই ম্যাচেই হেরে যাওয়া রংপুরকে দুইয়ে ঠেলে শীর্ষস্থানে ওঠে ফরচুন বরিশাল। আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে গুঁড়িয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল তামিম ইকবালের দল। একই সঙ্গে নিশ্চিত করল পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকাও।
বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা দুইয়ে থাকা মানে কোনো দলের জন্য ‘ডাবল’ সুযোগ। কারণ শীর্ষ দুই দলের মধ্যকার প্রথম প্লে-অফ বা প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও সুযোগ থাকে আরেকটি কোয়ালিফায়ার খেলার। ১১ ম্যাচ শেষে বরিশালের পয়েন্ট ১৮। সমান ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০ ম্যাচে ১২। তার মানে, শীর্ষ দুই থেকে বরিশালকে হটানোর কোনো সুযোগ নেই।
ঢাকাকে হারাতে আজ স্রেফ ৩৯ বল লেগেছে বরিশালের। প্রথমে ব্যাট করা ঢাকা ১৫ ওভার ৩ বল খেলে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে তাওহিদ হৃদয়কে হারালেও ৬ ওভার ৩ বলে ম্যাচ জয় নিশ্চিত করেন তামিম ইকবাল ও ডেভিড ম্যালান। তামিম ১৪ বলে ২১ রানে ও ম্যালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করা ঢাকাকে শুরুতেই তোপের মুখে ফেলেন স্পিনার তানভির ইসলাম। মাঝের ওভারগুলোতে মোহাম্মদ নবী আর শুরু-শেষে সমানতালে উইকেট নেন বরিশালের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। তাতে কোমড় সোজা করারা আগেই দলটি গুটিয়ে যায় ৭৩ রানে। ঢাকার হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন কেবল লিটন দাস ও রোনসফোর্ড বিটন।
৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তানভির। ম্যাচসেরা হয়েছেনও এই স্পিনার। ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ নবীও। ২ ওভার ৩ বলে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ফাহিম।











































