স্পোর্টস ডেস্ক
চলমান বিপিএলে চোট জর্জর দল নিয়ে খেলছে সিলেট স্ট্রাইকার্স। সেই সঙ্কট এবার আরও বেড়ে গেল। ইনজুরির কারণে তাদের পেসার রিস টপলি ছিটকে গেছেন।
ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার শনিবার রাতে ফিরে গেছেন নিজ দেশে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানায়, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়া হ্যামস্ট্রিংয়েও সমস্যা অনুভব করছেন ৩০ বছর বয়সী পেসার, ব্যথা আছে কুঁচকিতেও।
জাতীয় দলের হয়ে ৩০টি ওয়ানডে ও ৩৫টি-টোয়েন্টি খেলা পেসার এবারই প্রথম এসেছিলেন বিপিএল খেলতে। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরতে পারছেন না। পূরণ করতে পারেননি দলের প্রত্যাশা। সাত ম্যাচ খেলে তার প্রাপ্তি স্রেফ চারটি উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৭৫!
এদিকে সিলেটের পেস আক্রমণের মূল অস্ত্র তানজিম হাসান চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি চট্টগ্রাম পর্বে। চোট আছে দলের আরও বেশ কয়েকজনের।










































