Home খেলাধুলা সরে দাঁড়ালেন টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি

সরে দাঁড়ালেন টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি

12

ক্রীড়া প্রতিবেদক

দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছিলেন। টাইগারদের সঙ্গে সম্পর্কটাও দারুণ ছিল নেইল ম্যাকেঞ্জির। দক্ষিণ আফ্রিকান এই কোচ হঠাৎই সরে দাঁড়ালেন। পারিবারিক কারণ দেখিয়ে ব্যাটিং কোচের পদ থেকে অব্যহতি নিয়েছেন তিনি।
ম্যাকেঞ্জিকে নিয়ে অবশ্য টুকটাক গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শ্রীলঙ্কা সফরে যেতে রাজি নন বলে তার বিকল্প খোঁজার কাজও শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু একটি সফরে যেতে অনীহা নাকি বাংলাদেশ দলের সঙ্গেই আর থাকতে রাজি নন ম্যাকেঞ্জি, জাগো নিউজের সঙ্গে আলাপে বৃহস্পতিবার সেটি নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এবার পদত্যাগের বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিলেন ম্যাকেঞ্জি নিজেই। শুক্রবার ‘ক্রিকবাজে’র সঙ্গে আলাপে প্রোটিয়া এই কোচ বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো পরিবার থেকে দূরে থাকতে হবে বলে। কোভিডের এই পরিস্থিতিতে সব ফরমেটের শিডিউল মানিয়ে চলাটা আমার নতুন পরিবারের জন্য কষ্টকর হয়ে যাবে।’
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা তার জন্য আনন্দের ছিল উল্লেখ করে ম্যাকেঞ্জি বলেন, ‘টাইগারদের অংশ হতে পারাটা আমার ভালোলাগার জায়গা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময়ই আমার দুর্বলতা থাকব। দারুণ সব ছেলের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।’
অক্টোবরে শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে বাংলাদেশের। যোগ হতে পারে টি-টোয়েন্টিও। ওই সফরে ম্যাকেঞ্জিকে দলের সঙ্গে চাইছিল বিসিবি। কিন্তু ম্যাকেঞ্জি যেতে অসম্মতি জানান। শেষ পর্যন্ত পদত্যাগই করে ফেললেন।
২০১৮ সালের জুলাইয়ে সাদা বলের দুই ফরমেটে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। তার আন্তরিকতা আর সাফল্য দেখে টেস্ট ফরমেটেও যুক্ত করার প্রস্তাব দেয় বিসিবি। গত বছর ভারত সফরে টেস্ট দলের সঙ্গে ছিলেনও।

দর্শকভর্তি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের চিন্তা

ক্রীড়া প্রতিবেদক

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি থাকায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। করোনার কারণে জৈব-সুরক্ষা, অনেক স্বাস্থ্যবিধি মেনে ও রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু হবে আইপিএলের আসন্ন আসরটি। তবে দর্শকভর্তি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সচিব মুবাশির উসমানি।
তিনি বলেন, ‘আইপিএল নিয়ে আরব আমিরাতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা মাঠে গিয়ে খেলা দেখতে চায়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছি। দর্শকভর্তি মাঠে ম্যাচ আয়োজন করা যায় কি না আমরা সেই চেষ্টায় আছি। আমরা চাইছি, মাঠে যেন দর্শক আসে। কিন্তু ‘কর্তৃপক্ষ’ থেকে এখনো অনুমতি আসেনি। আমাদের এখানে প্রচুর প্রবাসী আছেন, এশিয়ার মানুষ আছেন। তা ছাড়া এখানকার স্থানীয়রাও খেলাধুলা খুব ভালোবাসেন। আমরাও চাই, তাঁরা যেন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পান।’
করোনার কারণে ১১৬ দিন পর গত ৮ জুলাই ইংল্যান্ডের মাটিতে শুরু হয় ক্রিকেট লড়াই। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হয় সর্বোচ্চ জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে, স্টেডিয়ামে দর্শক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। ওই সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটিও রুদ্ধদ্বার স্টেডিয়ামে হচ্ছে। করোনার কারণে এবার অনেক বিধি-নিষেধের মধ্যে শুরু হবে আইপিএল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এ জন্য মাঠে দর্শকদের প্রবেশের চেষ্টায় আছে ইসিবি।
মুবাশির আরো বলেন, ‘আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে, এই ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। এর মধ্যে মাঠে দর্শক প্রবেশের ব্যাপারও আছে। অনুমতি পেয়ে গেলে আমরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনায় বসব। জানতে চাইব, দর্শকদের নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা কী, তারা কতসংখ্যক দর্শক মাঠে চায়।’
সফল একটি আইপিএল আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুবাশির, ‘আমরাই আইপিএল শুরুর জন্য মুখিয়ে আছি। ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য আমাদের বোর্ডে অভিজ্ঞ একটি দল আছে। শক্তিশালী ক্রিকেট প্রশাসনের বংশধর তারা। যারা লজিস্টিক ও আয়োজকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। আমরা একটি সফল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।’

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বছর ১৭ থেকে ২৭ নভেম্বর হওয়ার কথা ছিল এশিয়ার মর্যাদার এ টুর্নামেন্ট। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট স্থগিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন। নতুন করে টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১১ থেকে ১৯ মার্চ।
গত সপ্তাহে এশিয়ান হকি ফেডারেশন প্রস্তাব আকারে নতুন তারিখের কথা বাংলাদেশ হকি ফেডারেশনকে জানিয়েছিল। বাংলাদেশের সম্মতি নিয়ে তারা ওই তারিখকেই চূড়ান্ত করেছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনও নতুন তারিখ অনুমোদন করেছে বলে এশিয়ান হকি ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ২০১১ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টে অংশ নেয় এশিয়ার সেরা ৬ দল। যার মধ্যে পড়ে না বাংলাদেশ। কিন্তু আয়োজক হওয়ার সুবাদে এই প্রথম এশিয়ান মর্যাদাপূর্ণ এই হকি টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে জিমি-আশরাফুলদের।
পুুরুষ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ২০১৮ সালে ওমানে অনুষ্ঠিত সর্বশেষ আসরের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল ভারত ও পাকিস্তানকে।

আরেক ব্রাজিলিয়ানকে দলভুক্ত করলো বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

রবসন আজেভেরো দ্য সিলভা রবিনহোর পর জোনাথন দ্যা সিলভেইরা ফার্নান্দেজ নামের আরেক ব্রাজিলিয়ানকে এএফসি কাপের জন্য আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সর্বশেষ সাও পাওলোর কাব সাও বেনতোতে খেলেছেন এই মিডফিল্ডার।
২৫ বছর বয়সী ফার্নান্দেজ রিও জেনেইরোর কাব বোতাফোগোর খেলোয়াড়। কাবটির হয়ে ৭৬ ম্যাচ খেলে ১০ গোল করেছেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি ধারে খেলছেন বিভিন্ন কাবে। ফার্নান্দোজকে নিয়ে বসুদ্ধরা কিংসের তিনজন বিদেশি হলো। আর্জেন্টিনার বার্কোসের পর দুই ব্রাজিলিয়ানে আক্রমণভাগ আরো শক্তিশালী হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

করোনায় আক্রান্ত সাবেক তারকা ফুটবলার বাবলু

ক্রীড়া প্রতিবেদক

আবদুল গাফফার ও বাদল রায়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক সাবেক তারকা ফুটবলার জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হাসানুজ্জামান খান বাবলু।
জ্বর ও হালকা কাশি থাকায় বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষা করিয়েছিলেন সোনালি অতীত কাবের সভাপতি ও বাফুফের সাবেক এ সদস্য। সন্ধ্যায় রিপোর্ট পেয়েছেন তার করোনা পজিটিভ। হাসানুজ্জামান খান বাবলু চিকিৎসকের পরামর্শে বাসাতেই আছেন। আগে আক্রান্ত সাবেক দুই ফুটবলারের মধ্যে আবুল গাফফার করোনামুক্ত হয়েছেন। অন্য দিকে বাদল রায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

যুব ক্রিকেটারদের করোনা পরীক্ষায় সুখবর

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প সামনে রেখে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন দফায় ক্রিকেটারদের কারোনা পরীক্ষা করিয়েছে। শেষ দফার পরীক্ষার ফল পাওয়া গেছে গতকাল শুক্রবার। তৃতীয় দফার পরীক্ষায় সুখবরই মিলেছে। পরীক্ষা করানো ১৬ যুব ক্রিকেটারের সবারই নেগেটিভ এসেছে।
ভালো খবর আছে আরও। দ্বিতীয় দফার পরীক্ষায় একমাত্র ‘পজিটিভ’ ইফতেখার হোসেন ইফতিও ‘নেগেটিভ’ হয়েছেন। দুই দিন আগে তিনি পজিটিভ হয়ে ছিলেন আইসোলেশনে। শুক্রবার তার পরীক্ষার ফল নেগেটিভ এলেও আরও তিন দিন আইসোলেশনে রেখে আরেকবার করা হবে করোনা পরীক্ষা। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলেই তিনি যোগ দিতে পারবেন ক্যাম্পে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।
শুরুতে ৪৫ জন নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে বাড়তি আরও এক ক্রিকেটার যোগ করা হয়েছে। প্রথম দুই দফায় ৩০ জনের করোনা পরীক্ষার পর তৃতীয় দফায় পরীক্ষা করা হয়েছে ১৬ জনের। শেষ দফার সবাই নেগেটিভ আসায় তাদের বিকেএসপির ক্যাম্পে যোগ দিতে কোনও বাধা থাকলো না আর।

ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পরে যখন খেলা শুরু হয়, টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। পাকিস্তানি বোলারদের তোপে একটা সময় ১২৭ রানে ৪ টপ অর্ডারকে হারিয়ে বিপদই দেখছিল স্বাগতিকরা।
সেখান থেকে ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জ্যাক ক্রলির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে। সাউদাম্পটনে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এগিয়ে নিচ্ছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে তিনি অবিচ্ছিন্ন আছেন ১০২ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২২৯ রান। ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করা ক্রলি অপরাজিত আছেন ১২৩ রানে। ২০৫ বল মোকাবেলায় ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন এখন পর্যন্ত। বাটলার অপরাজিত ৪৩ রানে। অথচ ১২ রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজ চলছে। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান। দলে জায়গা ফিরে পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আছেন মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও। ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। করোনার কারণে টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজের সদস্যরাও এক মাস আগেই যুক্তরাজ্যে পা রেখেছেন। সেখান থেকে ১৭ জনের শর্টলিস্ট ঘোষণা করা হলো।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, হায়দার আলি, হারিস রওফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

নতুন ইতিহাস গড়লেন রশিদ খান

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কার্যকর বোলার বলা হয় রশিদ খানকে। করোনা বিরতিও তার ঘূর্ণিতে ছাপ ফেলতে পারেনি। বরং কয়েক মাস পর ক্রিকেটে ফিরেই দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন এই আফগান স্পিনার।
বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন রশিদ খান। রশিদ খানের রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। আসরের পঞ্চম ম্যাচটি বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। দল হারলেও রশিদ খানের জন্য ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সী রশিদ এদিন টি-টোয়েন্টিতে নিজের ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন। এই রেকর্ড তিনি গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের দেখা পেতে তিনি খেলেছেন ২১৩ ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

স্পেন জাতীয় দলে ডাক পেলেন ফাতি-তোরেসরা

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা নেশনস লিগের ম্যাচের জন্য স্পেনের জাতীয় শিবিরে একাধিক নতুন মুখ। যে তালিকায় উল্লেখযোগ্য নাম বার্সেলোনার টিন-এজ স্ট্রাইকার আনসু ফাতি কিংবা আসন্ন মৌসুমে ম্যানচেস্টার সিটির নয়া রিক্রুট ফেরান তোরেস। এছাড়া বার্সেলোনা কোচ লুইস এনরিকে ২৪ জনের স্কোয়াডে ডেকে পাঠালেন আরও চার নতুন মুখকে।
স্পেনের ২৪ জনের স্কোয়াড: গোলরক্ষক: ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা, ইউনাই সিমোন। ডিফেন্ডার: জোস গায়া, ড্যানি কার্ভাহাল, এরিক গার্সিয়া, সার্জিও রামোস, দিয়েগো লরেন্তে, পাউ তোরেস, জেসাস নাভাস, সার্জিও রেগুইলন।মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রড্রি, থিয়াগো আলকান্তারা, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, অস্কার গার্সিয়া, আদামা ত্রাওরে। ফরোয়ার্ড: রড্রিগো মোরেনো, মিকেল ওয়ার্জাবাল, দানি ওলমো, মার্কো আসেনসিও, ফেরান তোরেস এবং আনসু ফাতি।

ফাইনালে জ্বলে ওঠার অপেক্ষায় নেইমার

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্যই ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে নেইমারকে বার্সেলোনা থেকে দলে টেনেছিল পিএসজি। এই মৌসুমে পিএসজি সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে। তাদের এই স্বপ্নের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত নেইমার। এই ব্রাজিল সুপারস্টার যদি রবিবারেরর ফাইনালে বর্তমান ফর্মটি ধরে রাখতে পারেন তাহলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারবেন।
বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের দীর্ঘ ৫ বছর অতিবাহিত হয়ে গেছে। যে কারণে আরো একবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার জন্য মরিয়া হয়ে আছেন নেইমার। ইতোমধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। টিকে নেই লিওনেল মেসির বার্সেলোনাও। ফলে তারকা দ্যুতি দেখিয়ে ২৮ বছর বয়সি নেইমার যদি পিএসজিকে চ্যাম্পিয়ন্স জয়ী করতে পারেন, তাহলে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে নিজের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করতে পারবেন।
চলতি আসরে শেষ ষোলর লড়াই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই গোল করেছেন নেইমার। কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষেও দারুন দক্ষতা দেখিয়েছেন। সেমি-ফাইনালে আরবি লিপজিগের বিপক্ষে গোল না পেলেও পারফর্মেন্স ছিল দুর্দান্ত। এই পর্যন্ত সব মিলিয়ে ৮৪ ম্যাচে ৭০ গোল করা নেইমার ফাইনালেও গোল পাবেন বলে আশা করছে পিএসজি।

পুলিশ পিটিয়ে হাজতবাস ম্যানইউ অধিনায়কের

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ কাব ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো কাটছে না। এবারের মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি দলটি। এর মধ্যে এলো আরেক দুঃসংবাদ। পুলিশ পিটিয়ে গ্রেফতার হয়েছেন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার।
২৭ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার বৃহস্পতিবার রাতে গ্রিসের পুলিশের সঙ্গে রীতিমত মারামারিতে জড়িয়ে যান। তার সঙ্গে ছিলেন আরও দুইজন। তাদের তিনজনকেই হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে গেছে পুলিশ। নতুন মৌসুমের আগে বিরতি, ছুটি কাটাতে তাই গ্রিসের মাইকোনোস দ্বীপে গেছেন ম্যাগুয়ার। সেখানেই পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধান বিশ্বের সবচেয়ে দামি এই ডিফেন্ডার। সঙ্গে ছিল তার দুই বন্ধু।

অবসরে ক্যামেরুন হোয়াইট

ক্রীড়া প্রতিবেদক

কুড়ি বছরের পেশাদার ক্যারিয়ার শেষে ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। ব্যাট-বল হাতে ফর্মটা পড়তির দিকে। আর তাই কোচিং পেশায় মন দেওয়ার জন্য সবুজ গালিচাকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই অজি ক্রিকেটার।
গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের অবসরের বিশয় নিশ্চিত করেন হোয়াইট। যেখানে তিনি বলেন, ‘আমার খেলার সময় শেষ হয়ে গেছে, আর এই বিষয়ে আমি একদম নিশ্চিত। আমার যদিও অ্যাডিলেইড স্ট্রাইকারসের সঙ্গে আরও এক বছর খেলার চুক্তি রয়েছে। তবে ভালো না খেলে আমি সেটা আশা করতে পারি না। ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে, আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয়। আমি এখন সম্পূর্ণরকম ভাবে কোচিং পেশায় মন দিতে চাই।’

আইপিএলে করোনা ইস্যুতে ছাড় পাচ্ছে বিদেশি ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবারের আইপিএলের ভেন্যু পরিবর্তন করে ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে। আর সেখানে ক্রিকেটারদের করোনামুক্ত রাখতে সম্ভব সব পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। করোনা টেস্টের পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকার নিয়ম করা হয়েছে। তবে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইন রাখলেও, একই নিয়ম থাকছে না অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য।
বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ক্রিকেটারদের আমিরাতে উড়ে যাওয়ার আগে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই সময়ের মধ্যে তাদের তিনবার করে করোনা টেস্ট করা হবে। এখানে যাদের দুইবার নেগেটিভ রিপোর্ট আসবে তারাই কেবল আমিরাতে পাড়ি দিবে। তবে সেখানে পৌঁছে আবার বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের।

সুয়ারেজকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

বায়ার্নের কাছে হারটা যেন এক লহমায় বদলে দিয়েছে সবকিছু। বার্সেলোনায় শুরু হয়েছে পালাবদল। সিনিয়র টিম পুনর্গঠনের লক্ষ্যে কিকে সেতিয়েনকে সরিয়ে হেড কোচের পদে বসেছেন রোনাল্ড কোম্যান। টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরেছেন এরিক আবিদাল। পুনর্গঠনের লক্ষ্যে বেশ কিছু ফুটবলারের তালিকাও প্রস্তুত করেছে কাতালান কাব, যাদেরকে আসন্ন মৌসুমে আর ন্যু ক্যাম্পে রাখতে চাইছে না তারা।
সূত্রের খবর, লুইস সুয়ারেজকে আসন্ন মৌসুমে কোনোভাবেই বার্সেলোনায় রাখার ইচ্ছা নেই কাব কর্তৃপক্ষের। অর্থাৎ, সুয়ারেজকে ট্রান্সফারের তালিকায় রেখেছে বার্সেলোনা। উরুগুয়ে স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও সুয়ারেজকে সময়ের আগেই ছেড়ে দিতে চাইছে কাব। এমন সময় বার্সেলোনার ‘নম্বর নাইন’কে নিতে আসরে নেমেছে জুভেন্টাস। এক ইতালিয়ান আউটলেটে সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে শুধু জুভেন্টাস নয়, সুয়ারেজের জন্য দরজা খোলা রেখেছে আয়াক্স এবং মেজর লিগ সকার কাব ইন্টার মায়ামিও।