শরনখোলা প্রতিনিধিঃ
বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় শরণখোলায় ৩৩৬ জন গরীব অসহায় গর্ভবতী মায়ের মধ্যে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়নে প্রত্যেক মায়ের হাতে ৯ মাসের ভাতা বাবদ ৭ হাজার ২শ টাকা করে তুলে দেন উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক, রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের বার-বার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মিলন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, ইউপি সদস্য তাছেন তালুকদার ও আকলিমা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই জানান, চলতি অর্থ বছরে উপজেলার চার ইউনিয়নে ৩৩৬ জন তুলনামূলক সুবিধাবঞ্চিত নারী প্রতি মাসে ৮শ টাকা করে ৩ বছর এ সুবিধা পাবে। উপজেলার চারটি ইউনিয়নে ৮৪ জন করে এই সুবিধা পাচ্ছেন। অসহায় মায়েদের গর্ভকালীন ও সন্তান প্রসবের পর পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার মাতৃত্বকালীন এ ভাতা প্রদান করছে। অসহায় পরিবারের যেসব মায়েরা তাদের গর্ভকালীন সময় পুষ্টিকর খাবার পায়না, তাদের ও সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি বয়ে বেড়াতে হয় তাদের জন্য এ কর্মসূচী আর্শীবাদ হয়ে দাঁড়িয়েছে।
এ কর্মসূচীতে সন্তান বৃদ্ধির প্রবনতা বাড়বে কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রদান করা হয়। তাই এ প্রবনতা বাড়ার কোন সম্ভবনা নেই। এ কর্মসূচী উপকারভোগীরা গর্ভকালীন ও পরবর্তী সময় পুষ্টিকর খাবার ও তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারায় গর্ভকালীন মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং সুস্থ্য ও স্বাভাবিক জন্মদান প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়ছে।
উপজেলার চাল-রায়েন্দা গ্রামের জেলে মাসুম গাজীর স্ত্রী রুমা বেগম (২২), পূর্ব খাদা গ্রামের ভ্যান চালক রিপন হাওলাদারের স্ত্রী কবিতা বেগম (২৩) তাদের প্রতিক্রিয়া বলেন, মাতৃত্বকালীন ভাতার টাকা পেয়ে আমরা আনন্দিত। অভাবের সংসারে এ টাকা থেকে আমি ও আমার সন্তানের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো। তারা অভাবী মায়েদের জন্য বর্তমান সরকারের এ কর্মসূচীতে সন্তোষ প্রকাশ করেন।











































