স্পোর্টস ডেস্ক
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে এমবাপ্পের প্রথম ম্যাচ ছিল উয়েফা কাপের ফাইনাল। সেই ম্যাচে গোল ও পরে শিরোপা জয়ে শুরুটা রাঙিয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে এমবাপ্পের এর পরের যাত্রাপথটা বেশ ধূসর।
লা লিগায় তিন ম্যাচ খেলে এখনো কোনো গোল পাননি এমবাপ্পে। দলের ফর্মও ভালো না। তবে এমবাপ্পের ফর্ম নিয়ে কোনো দুর্ভাবনা নেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। এমবাপ্পের উপস্থিতি ও প্রভাব প্রতিপক্ষের জন্য বিপদ বয়ে আনে বলেও মনে করেন তিনি।
আনচেলত্তি বলেছেন, ‘(এমবাপ্পে)খুব ভালো খেলছে, যদিও সে এখনো গোল পায়নি। তবে তার উপস্থিতি ও প্রভাব প্রতিপক্ষের জন্য বিপদ বয়ে আনে। তার এখানে মানিয়ে নেওয়াটা সমস্যার হবে না।’
এমবাপ্পের সঙ্গে রিয়ালের আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের রসায়নও তেমন জ্বলে উঠতে পারেনি। এক হয়ে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাতে পারছেন না এমবাপ্পে-ভিনিসিউস জুনিয়র-রদ্রিগোরা। বিষয়টি নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, তাদের (ভিনিসিউস ও এমবাপ্পে) বন্ধন জমে উঠছে। আক্রমণে তারা ভালো করছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ প্রতি ম্যাচেই আমরা গোল করেছি।’
লা লিগায় রিয়ালের শুরুটা ভালো না হওয়ায় সমালোচনাও আছে। বিষয়টি নিয়ে আনচেলত্তি বলেন, ‘সমালোচনা খুবই স্বাভাবিক, কারণ এই দলের কাছে সবার প্রত্যাশা থাকে সর্বোচ্চ। মে মাস পর্যন্ত (মৌসুমের শেষ) সমালোচনার শিকার হতেই থাকব। এটা আমাদের জন্য একদমই সাধারণ।…(ফর্ম নিয়ে) আমরা খুশি নই অবশ্যই। তবে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ে নয়, আমরা খুশি নই কারণ, আমরা এখনও পর্যন্ত ভালো খেলিনি।’











































