অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের এ হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজারও ফিলিস্তিনি। খবর রয়টার্সের
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ বোমা হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ডজনের বেশি।
ইসরায়েলি সেনাদের দাবি, একদিন আগে হামাসের হামলায় তাদের দুইজন সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলি নেতারা জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান তীব্র সংঘাতের শেষ পর্যায়ে রয়েছেন তারা। শিগগিরই আরও নতুন লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে তেলআবিবের সেনারা।
গাজার চিকিৎসকরা জানান, মঙ্গলবার উপত্যকার উত্তর অংশের জনবসতিপূর্ণ জেইতুন এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলিতে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে বেশ কিছু ভিডিও ফিলিস্তিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ফুটেজে দেখা গেছে, স্থানীয় মার্কেটের একটি দোকানের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে রক্তমাখা রুটি। তবে ভিডিও ফুটেজগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে গতকাল সোমবার পূর্ব খান ইউনিসের বিভিন্ন গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকাটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছাড়তে শুরু করে সাধারণ মানুষ।
তাদেরই একজন ৫৫ বছর বয়সী ব্যবসায়ী তামের। গত ৭ অক্টোবর থেকে ছয়বার বাস্তুচ্যুত হয়েছেন তিনি। তার প্রশ্ন, ‘আমরা এখন কোথায় যাব?’
তিনি আরও বলেন, ‘হামলার পর প্রত্যেকবার মানুষ তাদের আবাসভূমিতে ফিরে আসে এবং ধ্বংসস্তূপের ওপর ঘরবাড়ি মেরামত শুরু করে, ঠিক সেই সময় আবারও ট্যাঙ্ক পাঠিয়ে বাকিগুলো ধ্বংস করে দিয়ে যায় দখলদাররা।’
ইসরায়েলি বাহিনীর দাবি, একদিন আগে খান ইউনিসের যে এলাকা থেকে তাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল, সেখানেই পাল্টা হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল, হামাসের বিভিন্ন অস্ত্রাগার ও সামরিক অভিযান কেন্দ্র।










































