বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে শামীম হোসেন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তের ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। আহত শামীম হোসেন ওই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, সোমবার দুপুরে হরিশচন্দ্রপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে শামিম হোসেনসহ কয়েকজন ইছামতি নদী পার হয়ে ভারতে যাচ্ছিল। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শামীম গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে শামীমের চিকিৎসা কোথায় হচ্ছে তা জানি না।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ওই যুবকের বাড়িতে বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। তবে বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।











































