Home আঞ্চলিক শ্রমিকের লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

শ্রমিকের লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

7


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় ইটভাটার শ্রমিক শান্ত (১৭) নামের এক কিশোরের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এসময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। নিহত শান্ত সদর উপজেলার জালশুকা গ্রামের আজিজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

এসময় স্বজনরা বলেছেন, কিশোর শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি ধামকি দেওয়া হতো। সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। খোঁজা-খুজির এক পর্যায়ে ওই ইটভাটার পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সেখানে মানববন্ধন করেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা। এসময় পুলিশের আশ্বাসে গ্রামে ফিরে যান আন্দোলনকারীরা।

এর আগে সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, তাকে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।