স্পোর্টস ডেস্ক
ম্যাচের লম্বা একটা সময় পর্যন্ত লিড ধরে রাখে স্লোভাকিয়া। তবে ইংল্যান্ডের যখন হার প্রায় নিশ্চিত তখনই ত্রাতার ভূমিকায় আগমণ করেন জুড বেলিংহ্যাম। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে হ্যারি কেইন জালের দেখা পেলে উল্টো স্লোভাকিয়ার স্বপ্ন ভাঙে। আর গতবারের ফাইনালিস্টরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়।
গতকাল রবিবার জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে শেষ ষোলোর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ৯৫তম মিনিটে সমতা টানেন বেলিংহ্যাম। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন কেইন।
ম্যাচের ২৫তম মিনিটে জালের দেখা পায় স্লোভাকিয়া। দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় দলটি। দুই সতীর্থ ঘুরে বক্সের বাইরে বল পান দাভিদ স্ত্রেলেক। তার পাস বক্সে পেয়ে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করেন শারাঞ্জ।
বিদায়ের দ্বারপ্রান্তে গিয়ে, ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেলিংহ্যামের গোলে টিকে থাকে ইংল্যান্ড। কর্নারের পর গেয়ির হেড পাসে ওভারহেড কিকে বল জালে পাঠান আগের দিন ২২ বছরে পা দেওয়া রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আবার উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ডের সমর্থকরা। দলকে এগিয়ে নেন কেইন। বক্সে ইভান টনির হেড পাসে হেডেই বল জালে পাঠান ইংল্যান্ডের রেকর্ড স্কোরার।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপরা।











































