ঢাকা অফিস
দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট দাখিল করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার এই রিট করেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য মঙ্গলবার উপস্থাপন করা হবে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।
রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। এর কারণ হলো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য প্রকাশ পেয়েছে। সরকারি কর্মকর্তারা কিভাবে এত বিপুল সম্পদ অর্জন করেন, সে বিষয়ে জানতে চেয়েছি।
তিনি বলেন, সরকারের একটি কন্ডাক্ট রুল আছে। এ নীতি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা সরকারের অনুমতি ছাড়া বিনিয়োগ, ধার কিংবা ভবন পর্যন্ত নির্মাণ করতে পারেন না। এছাড়া চাকরিতে নিয়োগের শুরুতে তাদের সম্পদের বিবরণী দেয়ার পাশাপাশি প্রতিবছর সম্পদের হিসাব জমা দিতে হয়। তাহলে কিভাবে তারা এতো কিছু করলেন।











































