সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাড়ির সবজি ক্ষেতের ভিতরে গোপনে গাঁজা চাষের অভিযোগে কাশিনাথ সাহা (৫২) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে তাকে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের উত্তর সারসা গ্রাম থেকে আটক করা হয় বলে জানিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ।
আটক হওয়া কাশিনাথ সাহা একই এলাকার মৃত রতন সাহার ছেলে।
থানা পুলিশ জানায়, সবজি খেতের ভিতর গাঁজা চাষ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সবজিখেতের ভিতরে চাষকৃত দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষের অপরাধে কাশিনাথকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।









































