বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে রাফি শিকদার (১৪) নামে এক কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) দুপুরের দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
আহত রাফি একই গ্রামের রাসেল শিকদারের ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে ওই কিশোর নিজেই আতশবাজি তৈরি করে। রবিবার দুপুরে সে আতশবাজি ফোটাতে গেলে দুর্ঘটনাটি ঘটে। ওই কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রাফিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফি শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, স্থানীয়ভাবে এমন আতশবাজি তৈরি ও এর ব্যবহার অবৈধ ও বিপজ্জনক। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।











































