Home খেলাধুলা শামারকে নিয়ে মধুর সমস্যায় ড্যারেন সামি

শামারকে নিয়ে মধুর সমস্যায় ড্যারেন সামি

53

ক্রীড়া প্রতিবেদক

ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছে শামার জোসেফের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেই নিজের জাত চিনিয়েছেন এ ক্যারিবীয় পেসার। আর তাতেই এমন কিছু করে ফেলেছেন যে, তাকে নিয়ে ভাবতে হচ্ছে সবাইকে।

দুই টেস্টের পারফরম্যান্স দিয়েই জোসেফ টেস্টের পর ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে বিবেচনার জন্য মধুর সমস্যায় ফেলে দিয়েছনে বলে মনে করেন ক্যারিবীয়দের ওয়ানডে ও টি-২০ সংস্করণের কোচ ড্যারেন সামি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয় শামার জোসেফের। প্রথম টেস্টে নেন ৫ উইকেট। পরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে হৈচৈ ফেলে দেন তিনি। ৭ উইকেট নিয়ে অজিদের গুঁড়িয়ে ক্যারিবীয়দের জয় এনে দেন জোসেফ।

টেস্টের পাশাপাশি জোসেফকে সাদা বলের ক্রিকেটের ভাবনাতেও রেখেছিলেন ড্যারেন সামি। কিন্তু দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছেন জোসেফ। কিন্তু উইকেট শূন্য। আর ৫০ ওভারের ‘লিস্ট এ’ তে দুটি ম্যাচ খেলে নিয়েছেন দুটি উইকেট।

এ বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-২০ বিশ্বকাপ। সামির আশা জোসেফ তিন ফরম্যাটেই তারকা হবেন এবং টি-২০ বিশ্বকাপের জন্য তাকে ভালোভাবে বিবেচনা করা যেতে পারে।

উইন্ডিজের সীমিত ওভারের ক্রিকেট কোচ বলেন, ‘সে অবশ্যই সব সংস্করণের খেলোয়াড় হবে। স্কোয়াডে তাকে পেতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। তবে সব কিছুরই একটা প্রক্রিয়া আছে। আমি ও নির্বাচক প্যানেলের চেয়ারম্যানও এভাবেই কাজ করি। শামার যা করেছে, বিশ্বকাপের জন্য এবং ওয়ানডে দল গঠনের জন্য আমাকে মধুর সমস্যায় ফেলে দিয়েছে।’