স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর খালিশপুরের বাসিন্দা ঠিকাদার নুরুল ইসলাম রতনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, খুলনা দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া নুরুল ইসলাম রতন সম্পদ বিবরণীতে ৩৭ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৭৯৭ টাকার সম্পদ অর্জন করেছেন। তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় কমিশনের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে আরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেলে সেটাও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।











































