যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোলের বাহাদুরপুর গ্রামের বসতঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
এই দম্পতির ৭ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। তার কান্না শুনেই প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে একই শাড়িতে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। নিহত দম্পতি হলেন- মৃত কালাম হোসেনের ছেলে ইয়ামিন হোসেন (২৮) ও তার স্ত্রী তনু খাতুন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সপ্তাহখানেক আগে বাহাদুরপুর গ্রামে বাসা ভাড়া নেয় ইয়ামিন ও তনু দম্পতি। এর আগে তারা যশোরের পুলেরহাটে থাকতেন। সেখানে ইয়ামিনের পোলট্রি ব্যবসা ছিল। দেনার জন্য তিনি নিজের বাড়ি জমি বিক্রি করে ওই এলাকা ছেড়ে বেনাপোলের ভাড়া বাসায় এসে ওঠেন। এ দম্পতির ৭ মাসের কন্যাসন্তানের নাম খাদিজা খাতুন। বর্তমানে শিশুটি নানা-নানির হেফাজতে আছে।
বাড়ির মালিক আব্দুর রহিম বলেন, শুক্রবার ভোরে প্রতিবেশীরা শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকায়। ওই সময় তারা স্বামী-স্ত্রীকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বাহাদুরপুর বাজারের পাশের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।









































