বিনোদন ডেস্ক
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা রেশ কাটতে না কাটতে ভারতের বিনোদন দুনিয়ায় আবারো আত্মহত্যার ঘটনা ঘটলো। এবার আত্মহত্যা করেছেন দেশটির জনপ্রিয় টিকটক তারকা ও নৃত্যশিল্পী সিয়া কক্কর। মাত্র ১৬ বছর বয়সেই তার জীবন প্রদীপ নিভে গেল। বুধবার (২৪ জুন) রাতে দিল্লির প্রীত বিহারে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সিয়া আত্মহত্যা করেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। ওইদিন রাতে সিয়াকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশ জানায়, সিয়ার ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তদন্তের জন্য তার মোবাইলফোন এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস পুলিশ সংগ্রহ করেছে। সিয়ার আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ এখনো না জানা গেলেও, ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তার ম্যানেজার অর্জুন সারিন। টিকটকে সিয়ার প্রচুর ভক্ত রয়েছে। কিশোরী এই তারকার টিকটকে ১১ লাখ এবং ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি ফলোয়ারস। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে। সিয়ার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন ভাইরাল ভবানী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যে তার মৃত্যুর খবরটি দেন।










































