Home খেলাধুলা ভারতকে ‘শত্রু দেশ’ বলে তোপের মুখে পাকিস্তানের বোর্ড সভাপতি

ভারতকে ‘শত্রু দেশ’ বলে তোপের মুখে পাকিস্তানের বোর্ড সভাপতি

56

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে খেলার জন্য সাত বছর পর গত বুধবার ভারতে পা রাখে পাকিস্তান ক্রিকেট দল। দেশটির হায়দরাবাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পান বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। তবে এসবের মধ্যেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জাকা আশরাফের একটি কথায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটভক্তরা। নাখোশ হয়েছেন পাকিস্তানের অনেক ক্রিকেট সমর্থকও।

গত বুধবার সন্ধ্যায় জাকা আশরাফের সেই মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার)। পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি এবং পারিশ্রমিকের উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়ে কথা বলতে এসে বিতর্কিত এই মন্তব্য করে বসেন আশরাফ।

 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, আশরাফ বলেছেন, ‘খেলোয়াড়রা শত্রু দেশে গেলে অথবা যেখানে প্রতিযোগিতা হচ্ছে সেখানে গেলে তাদের মনোবল চাঙ্গা হওয়া উচিত। তারা জাতির পূর্ণ সমর্থন নিয়ে সেখানে গেছে, তারা যেন ভালো পারফর্ম করতে পারে।’

 

অবশ্য আজ শুক্রবার পিসিবি থেকে প্রকাশিত একটি বিবৃতিতে ভিন্ন কথা বলেছেন আশরাফ। হায়দরাবাদে পাকিস্তান দলের উষ্ণ অভ্যর্থনার প্রসঙ্গ তুলে ধরে আশরাফ জানান, এটি দুই দেশের খেলোয়াড়দের প্রতি উভয় দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্যের চিত্রটিই ফুটিয়ে তোলে।

 

তিনি উল্লেখ করেছেন, যখনই ভারত এবং পাকিস্তান ক্রিকেট খেলতে মাঠে নামে তারা ঐতিহ্যগতভাবেই প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামে, শত্রু হিসেবে নয়। তিনি আশা প্রকাশ করেন, বিমানবন্দরে নামার সময় পাকিস্তান যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে, সেটি পুরো বিশ্বকাপ জুড়েই বজায় থাকবে।

 

বেফাঁস মন্তব্যের নজির এর আগেও দেখিয়েছেন আশরাফ। গত জুলাইয়ে ২০২৩ সালের এশিয়া কাপের সময়সূচী এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শাহীন আফ্রিদিকে বিশ্বের সেরা দশ ব্যাটারের একজন হিসেবে উল্লেখ করেছিলেন।