স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য, মসলা ও রন্ধন সামগ্রী জব্দ করেছে। এ সময় ভ্রাম্যমান আদালত মেসার্স শারমিন ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর বাস্তুহারা এলাকায় এ অভিযান চালানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার রাশিদা বেগম জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বাস্তুহারা এলাকায় একটি কারখানায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে বলে খবর পায়। এ সংবাদের প্রেক্ষিতে বাস্তুহারা মেইন রোডের ১২ নং গলির একটি বাড়ির নিচতলায় থাকা মেসার্স শারমিন ফুড প্রোডাক্টসে অভিযান চালায়।
সেখান থেকে অননুমোদিত শিশুখাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে শাহী ফুল ক্রিম মিল্ক পাউডার, শাহী স্বাদ-এ ম্যাজিক মশলা, শাহী বেকিং পাউডার, শাহী বেকিং সোডা, শাহী ইস্ট, শাহী অরেঞ্জ পিৎজ্জা, শাহী জিঞ্জার পাউডার, শারমিনের শাহী ললিপপ চকলেট, বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, শাহী হোয়াইট ভিনেগার, শাহী সয়া সস, শাহী হট টমেটো সস, শাহী ললিপপ চকলেট, শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ, শাহী মসলা (চটপটি মসলা, বিরিয়ানি মসলা, চাট মসলা, মাংসের মসলা, বার বি কিউ মসলা, কালা ভুনা মসলা ও খিচুরি মসলা) ইত্যাদি।
অভিযানকালে জানা যায় যে, ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শারমিন বেগম এবং তার স্বামী মো. শাহিন হোসেন দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপর ওই কারখানা সিলগালা করে দেয়া হয়।









































