Home খেলাধুলা বসুন্ধরায় সবাই দেখতে পাচ্ছেন বিশ্বকাপের সোনালি ট্রফি

বসুন্ধরায় সবাই দেখতে পাচ্ছেন বিশ্বকাপের সোনালি ট্রফি

74

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। ট্রফিটির তিন দিনের সফরের শেষ দিনে আজ বুধবার রয়েছে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখানে সোনালি এই ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন সবাই। উন্মুক্ত এই প্রদর্শনীটি সকাল ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

আজ সকাল থেকেই ট্রফিটি দেখার জন্য বসুন্ধরায় ভিড় করছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট দূরত্বে থেকে সবাই ট্রফিটির সঙ্গে ছবি তুলতে পারবে।

এর আগে, বাংলাদেশে এসে প্রথমদিন ট্রফিটি যায় পদ্মাসেতুতে। হেলিকপ্টারে করে ট্রফিটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে এটি নেওয়া হয় সড়কপথে। বিকেল ৩টায় ফটোসেশনের কথা থাকলেও ট্রফি আসে ৪টারও পরে।

তিন দিনের বিশ্বকাপের ট্রফি ট্যুরের দ্বিতীয় দিনে হোম অব ক্রিকেট মিরপুরে উন্মোচন করা হয় ট্রফিটি। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ট্রফি নিয়ে মাঠে ঢুকেন মুশফিকুর রহিম। ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে ট্রফি উন্মুক্ত করা হয়। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা ফটোসেশন করেন বিশ্বকাপের ট্রফির সঙ্গে। দলের সকলেই ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নিলেও সেখানে ছিলেন না সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবাল। মাঠে আসলেও তিনি ছিলেন না ফটোসেশনে।

 

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে বিশ্ব ভ্রমণে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলংকা থেকে গত রোববার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায়। তিন দিন ঢাকায় থাকার পর ওয়ানডে বিশ্বকাপের এ ট্রফিটি যাবে কুয়েতে।