স্পোর্টস ডেস্ক।।
গত মাসে নাটকীয় অবসর নেন তামিম ইকবাল। তার একদিন পরই প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙেন জাতীয় দলের এই ওপেনার। গতকাল আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তামিম। দেশসেরা ওপেনার সরে যাওয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। মূলত ইনজুরির নেতৃত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ তামিমের ইনজুরি।
এদিকে তামিমের নেতৃত্ব ছাড়া, ইনজুরির কারণে এশিয়া কাপ না খেলা এবং নতুন অধিনায়ক খোঁজা সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেট বোর্ড আছে অস্বস্তির মধ্যে। তবে সেটি মানতে রাজি না বিসিবি পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মল্লিক। তার দাবি তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই। তবে এই ওপেনারের না থাকা বড় এক ধাক্কা।
মল্লিক বলেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা’
বিসিবি নতুন অধিনায়ক নিয়ে কাজ করছে জানিয়ে মল্লিক বলেন, ‘উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’











































