স্পোর্টস ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রচুর গালিগালাজ ও ট্রোল হলেও তা দেখেনই না বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটর সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ শনিবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সমালোচনার বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কোথায় কী বললো সেটা আমি জানিও না। আমি ফেসবুক চালাই না। সেটা আমার জানারই কথা না। আমার নামে কে গালি দেয়, দিতেই পারে। মানুষের মুখ তো আটকাতে পারব না। আমি আমারটাতেই বিশ্বাস করি। আমার কাজ তো আমাকেই করতে হবে। তো কে কী বললো সেটাতে আমি চিন্তিত না।’
বাংলাদেশ দলকে মিস করেন কি না, এ প্রশ্নের জবাবে দলের সাবেক এ ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ দলকে অবশ্যই মিস করি। কিন্তু এটাই যে আমার কাজ তা আমি মনে করি না। বিসিবি যদি মনে করে আমাকে ওখানে থাকতে হবে তাহলে সব গুটিয়ে আমার আসতে হয়।’
বিসিবির এ পরিচালক বলেন, ‘অনেকে মনে করে আমি বিসিবি থেকে অনেক টাকা বেতন পাই। আমি জানিয়ে দেই, পরিচালক হওয়ার কোনো বেতন নাই। আর আমি যখন এখানে কাজে আসি, তখনও বেতন নাই। আমি বিসিবির এমপ্লোয়িও না যে এখানে আমার কাজ করতেই হবে। আমি আসি পাপন (বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন) স্যার যখন বলেন, তখন আসি। উনাকে না বলা আমার পক্ষে সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমি জানি না আমি কতটুকু দরকারি, অনেকে মনে করে আমি দরকারি না। এটা আমি বড় বিষয় ভাবি না। বোর্ড যদি চায় জাতীয় দলের ড্রেসিংরুমে থাকতে হবে- আমি থাকব, না চাইলে না।’









































