আন্তর্জাতিক ডেস্ক।।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতার সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার জানিয়েছে, তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন বুদ্ধদেব। শনিবার সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। রক্তে অক্সিজেনের মাত্রা কখনও কখনও ৭০-এর নীচেও নেমে গিয়েছিল বলে জানা যায়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রথমে তাকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িতেই অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তাতে শরীর ‘রেসপন্ড’ না করলে এই নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় বিকালে তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধদেবের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যে দলে প্রবীণ এ নেতার ব্যক্তিগত চিকিৎসকও রয়েছেন।মেডিক্যাল টিমে রয়েছেন, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা।
বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম বলেন, ‘গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভালো যাচ্ছিল না।। ডাক্তার বলেছেন তারা হাসপাতালে নিয়ে যেতে চান। আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর সিভি আনন্দ বোস প্রবীণ এ নেতাকে দেখতে হাসপাতালে গেছেন। বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং ছেলে সুচেতন ভট্টাচার্যও হাসপাতালে রয়েছেন।











































