Home জাতীয় বিএনপির অবস্থান কর্মসূচিতে কয়েক জেলায় সংঘর্ষ, হামলার অভিযোগ

বিএনপির অবস্থান কর্মসূচিতে কয়েক জেলায় সংঘর্ষ, হামলার অভিযোগ

8

খুলনাঞ্চল রিপোর্ট||
সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচিতে কয়েকটি এলাকায় হামলা করে পণ্ড করার অভিযোগ করেছে দলটি। তাদের অভিযোগ, শান্তি মিছিলের নামে ক্ষমতাসীন দল বিএনপির সমাবেশে চড়াও হয়েছে। কিছু এলাকায় পুলিশ দিয়ে সমাবেশ পণ্ড করেছে। নাটোর সদর উপজেলায় আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলায় তা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দলটি বলছে, হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। ফেনীর দাগনভূঞায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে দাবি দলটির। বেলা তিনটার দিকে বাজারের চৌমুহনী রোডে পেট্রলপাম্পের সামনে হামলার ঘটনাটি ঘটে। উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন হামলার জন্য ছাত্রলীগ, যুবলীগসহ বিএনপির বিদ্রোহী অংশকে দায়ী করেছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন বলেন, ‘বিএনপির লোকজন নাশকতার উদ্দেশ্যে পেট্রলপাম্পের সামনে জড়ো হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এ সময় কোনো হামলার ঘটনা ঘটেনি।’ দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, বাজারের চৌমুহনী রোডে বিএনপির অবস্থান নেয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিতে যান। এ সময় পুলিশ সবাইকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। রামগঞ্জ পৌরসভার নন্দপুর এলাকায় এরশাদ হোসেন সড়কে এ ঘটনা ঘটে। মাদারীপুরের ডাসারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের বাধার কারণে নগরের পাঠানটুলা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি তারা।