ঢাকা অফিস||
ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন- যুবদল পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খান।
বলা হয়েছে, সংগঠন-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে মো. ইসমাইল হোসেন, মো. আসিফ এবং জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
কামরুজ্জামান দুলাল জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।











































