Home আঞ্চলিক যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

16

শহিদুল ইসলাম দইচ, যশোর।।

যশোরে মাদক মামলায় আক্তার মণ্ডল নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক আরেকটি ধারায় তাকে আরো সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তার মন্ডল যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের বারিক মণ্ডলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার পর কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে যশোর শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকায় এক ব্যক্তি অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেখান থেকে আক্তার মণ্ডলকে আটক করে। ওইসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই হাসানুর রহমান বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেন। এরমধ্যে মাদক মামলায় এসআই এইচএম মাহমুদ মামলা তদন্ত করে আক্তার মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সোমবার ওই মাদক মামলার রায় ঘোষণার দিনে পলাতক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে পৃথক আরেকটি ধারায় আক্তার মন্ডলকে আরো সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।