যশোরে নতুন করে আরো ১জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত
যশোর অফিস
কোভিড-১৯ বৃহস্পতিবার ১৪ মে যশোরে আরো ১ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পজিটিভ এসেছে। এ নিয়ে যশোর জেলায় স্বাস্থ্য বিভাগে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার একটি স্যাম্পুলের রিপোর্ট এসেছে যা পজিটিভ। আক্রান্ত ব্যক্তি যশোর মণিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়। তিনি যশোর সদর উপজেলা থেকে গিয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে ইতিপূর্বে বেশ কয়েকটি স্যাম্পুল পাঠানো হয়েছে যে গুলির রিপোর্ট আজও আসেনি বলে তিনি জানান। তাছাড়া,তিনি আরো জানান,বৃহস্পতিবার ১৪ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাললের জেনোম সেন্টার থেকে ১৩ টি স্যাম্পুলের রিপোর্ট এসেছে। যার মধ্যে সব ক’টি নেগেটিভ। বৃহস্পতিবার একটি পজিটিভ আসায় যশোরে গত ১০ মার্চ থেকে করোনা ভাইরাসের রিপোর্ট আসা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা ৭৮টি। বৃহস্পতিবার যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে ৭৭টি উল্লেখ থাকলেও একটি পজিটিভ আসলেও যা শুক্রবার ১৫ মে দেখানো হবে।
যশোরে ইজিবাইক কার্ভাডভ্যানের ধাক্কা পুলিশ কনস্টেবল লাঞ্চিতর ঘটনায় মামলা গ্রেফতার-২
যশোর অফিস
যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর বাঁশতলা নামকস্থানে ইজিবাইক ও কার্ভাডভ্যানের সংঘর্ষে মারামারি ঠেকাতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল লাঞ্চিতর শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার ১৩ মে বিকেলে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শফিজুল ওরফে বাদশার ছেলে মেহেদী হাসান ওরফে রফিকুল ইসলাম,মৃত হেকমত আলীর ছেলে শাহজাহান হোসেন ওরফে আজাদ ও রাহাজান হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৭জন। এ ঘটনায় পুলিশ রাহাজান হোসেন ও জড়িত সন্দেহে বাহাদুরপুর স্যামকো গ্যাস কোম্পানীর সামনে রফিকুল ইসলামের ছেলে মারুফ হাসানকে গ্রেফতার করেছে।
মামলাটি দায়ের করেছেন, যশোরের বাঘারপাড়া থানার অর্ন্তগত খাজুরা পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল নং ১৩৯৪ ফজলুল হক।
ফজলুল হক তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি ও তার সঙ্গীয় কনস্টেবল নং ১২০৫ লিয়াকত বুধবার সকাল ৮ টার পর পুলিশ লাইন্স যশোর হকে সরকারী রেশন উত্তোলন করার জন্য দু’জনে যশোর আসার জন্য (ঢাকা মেট্টো অ-১১০৩৮২৬) নামক একটি কার্ভাডভ্যানে ছিল। সকাল সাড়ে ৮ টায় কার্ভাড ভ্যানটি বাহাদুরপুর বাঁশতলা নামকস্থানে পৌছালে অজ্ঞাতনামা ইজিবাইক বেপরোয়া গতিতে রং সাইডে গিয়ে কার্ভাডভ্যানের সাথে ধাক্কা লেগে সামান্য ক্ষতি সাধণ হয়। তৎক্ষনিকভাবে ইজিবাইক চালকসহ অন্যান্যরা কার্ভাড ভ্যানের কাছে ক্ষতি পুরণের টাকা দাবি করে। ইজিবাইক চালক কর্তৃক ইচ্ছাকৃতভাবে কার্ভাডভ্যানের সাথে ধাক্কা মেরে ক্ষতি পূরণ দাবি করায় কনস্টেবল ফজলুল হক ও লিয়াকত লোকজনকে পুলিশ পরিচয় দিয়ে শান্ত হওয়ার জন্য বললে উক্ত আসামীরা সরকারী কাজে বাধা প্রদান সহ রাহাজান হোসেনের হুকুমে লোহার রড দিয়ে দু’জনকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশকে জানালে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা রাহাজান হোসেন ও সন্দিগদ্ধ আসামী মারুফ হাসানকে গ্রেফতার করে। বুধবার তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে।
যশোর ঘোপে চাঁদাদাবি হামলা ভাংচুর লুটের ঘটনায় মামলা গ্রেফতার-১
যশোর অফিস
চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা শহরের ঘোপ জেল রোড বেলতলা বাড়ি নং ২৮৪ আকবারকে ২০লাখ টাকা চাঁদাদাবি করে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করার অভিযোগে ৯ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় আসামী সানোয়ারজে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সে যশোর শহরের ঘোপ কবরস্থান পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। সানোয়ার হোসেনের সহযোগী অন্যান্য আসামীরা হচ্ছে, একই এলাকার নুর আলম, কালুর ছেলে আরিফ, পাচু মিয়ার ছেলে রানা,মৃত মাসুমের ছেলে রাসেল, এসকেন্দারের ছেলে সাব্বির, ঘোপ বৌ বাজারের নুরুন্নবী, ঘোপ কবরস্থান পাড়ার মৃত ফিরোজের ছেলে শাওন ও ইমনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
আকবার তার এজাহারে উল্লেখ করেছেন, আসামীরা এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজী সহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। আকবার ঠিকাদারী ব্যবসা করে। মহামারী করোনা ভাইরাস এর কারনে বাদী বেশ কিছুদিন পূর্ব হতে এলাকার গরীব মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। এর কারনে উক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নজরে পড়েন। গত ৫/৬ দিন পূর্ব হতে উক্ত আসামীরা তার কাছে ২০লাখ টাকা চাঁদাদাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে নানাভাবে চাঁদার টাকার জন্য চাপ প্রয়োগ করে। গত ৯ মে দুপুর ১ টায় উক্ত সন্ত্রাসীরা হাতে দেশীয় অস্ত্র শস্ত্র ঠিকাদার আকবারের বাড়িতে প্রবেশ করে তাকে খোঁজাখুজি করে। তাকে না পেয়ে সানোয়ার হোসেনের নেতৃত্বে আকবার হোসেনের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আকবার হোসেনের স্ত্রী শারমীন সুলতানা তুলি তাদেরকে গালিগালাজ করতে বাধা নিষেধ করে। সানোয়ার হোসেন এর নেতৃত্বে আসামীরা তুলির কাছে জানায় তাদের দাবিকৃত টাকা না দিলে যেখানে পাবে সেখানে খুন করার হুমকী দিলে তুলি ঘরে মধ্যে ঢুকে পড়ে। তৎক্ষনিক উক্ত আসামীরা ঘরে ঢুকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা জানালা ও আলমারীর শোকেস ভাংচুর করে ক্ষতি সাধন করে। আলমারিতে থাকা নগদ ৩৫ হাজার টাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চাঁদা স্বরুপ নিয়ে যায়। তুলিসহ পরিবারের লোকজন আত্মচিৎকার করলে সানোয়ার হোসেন অবৈধ অস্ত্র বের করে ফাঁকা গুলি বর্ষন করে চলে যায়। এঘটনায় থানায় খবর দিলে পুলিশ এসে সন্ত্রাসী চাঁদাবাজ সানোয়ারকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সানোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে যশোর কোতয়ালি মডেল থানায় চুরি,ঝিকরগাছা ও চৌগাছায় থানায় আলাদা দু’টি মাদক আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সানোয়ারকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। তাকে রিমান্ডে আনা হতে পারে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা জানিয়েছেন।
যশোরের তিন থানায় রদবদল পুলিশ পরিদর্শকের যোগদান
যশোর অফিস
সম্প্রতি যশোর জেলার তিনটি থানা থেকে পুলিশ পরিদর্শক তিনজনকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে রদবদল হওয়া পুলিশ পরিদর্শক তাদের কর্মস্থলে যোগদান করেছেন।
খোঁজ নিয়ে জানাগেছে,গত ৯ মে খুলনা রেঞ্জের ডিআইজি’র এক আদেশে যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন্স আহসান উল্লাহ চৌধুরীকে বেনাপোল পোর্ট থানায় পুলিশ পরিদর্শক তদন্ত। বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মেজবাউদ্দিনকে ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ও ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক আবু হেনা মিলকে যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন্স হিসেবে বদলীর আদেশ দেন। বৃহস্পতিবার ১৪ মে আবু হেনা মিলন যশোর কোতয়ালি মডেল থানায়,বুধবার আহসান উল্লাহ বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিদর্শক তদন্ত ও মেজবাহ উদ্দিন বুধবার ঝিকরগাছা থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে যোগদান করেছেন।
যশোরে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
যশোর অফিস
অন্তসত্ত্বা স্ত্রীকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরিফ আহমেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে।
নিহতের বোন আম্বিয়া খাতুন জানান, বুধবার সন্ধ্যায় ইফতারি শেষে আরিফ তার অন্তসত্ত্বা স্ত্রীকে দেখতে যশোর গ্রামের বাড়ি সিতারামপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাঘারপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে চাড়াভিটা নতুন ব্রিজের অদূরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ রাত ৯ টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই আরিফের মৃত্যু হয়েছে।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ইন্তেকালে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
একুশে ও বাংলা একাডেমি পদকসহ অসংখ্য পদক ও পুরস্কার এবং ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ প্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান হৃদরোগ, কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেটের সমস্যা ও রক্তে সংক্রমণের সমস্যাজনিত কারণে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রজিউন)। প্রবীণ এই শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদকের ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁর নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ছিলেন জাতির অতন্দ্র বাতিঘর। দেশের যে কোন সংকটে তিনি যুক্তি-পরামর্শ দিয়ে গণতন্ত্র ও অসম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। ষাটেরদশকে তদানিন্তন পাকিস্তানে রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করা হলে তিনি এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেন। শোকবিবৃতিতে উপাচার্য আরও বলেন, বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশের আন্দলোনে তাঁর অবদান চিরঅম্লান হয়ে থাকবে। জাতির এ ক্রান্তিকালে তাঁকে হারানো এক অপূরণীয় ক্ষতির। ড. আনিসুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শুভাকাঙ্খী ছিলেন এবং তিনি ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তালার কুমিরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের বিরুদ্ধে করোনা ভাইরাসজনিত দূর্যোগে মানবিক সহায়তা ত্রাণের কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার করোনা ভাইরাস মোকাবেলায় পরিবার প্রতি ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদানের জন্য তালিকা প্রণয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার একজন পছন্দনীয় একজন তদারকী সরকারী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হলে কিভাবে এই মানবিক সাহায্যের তালিকায় ধন্যাঢ্য ও নিয়ম পরিপন্থী মানুষের নামের তালিকা এসেছে তা নিয়ে রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে ভুক্তভোগীদের মাঝে। অনুসন্ধানে জানা গেছে, গত ৩ মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার এক চিঠিতে উল্লেখ করা হয় ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদানের জন্য যাদেরকে নির্বাচিত করা হবে তারা এর আগে অন্য কোন সহায়তা বা সামাজিক সুরক্ষার আওতায় যদি থাকে তাদেরকে এ সহায়তা প্রদান করা যাবে না। ঐ চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা ও আয়তনের হার বিবেচনায় পরিবার প্রতি ২০ কেজি হারে এ খাদ্য সহায়তা প্রদান করতে হবে। কিন্তু ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছাখুশি মতো পছন্দের লোককে এ খাদ্য সহায়তার আওতায় এনেছেন। অভিযোগ উঠেছে কুমিরা ইউনিয়নের মোট ৫শ ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। তার মধ্যে ২শ পরিবারই সরকারের অন্য সামাজিক সুরক্ষার আওতায় থাকলেও তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুসন্ধানে আরো জানা গেছে, কুমিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তম কুমার পাইন, পিতা- পরিতোষ পাইন, খাদ্য সহায়তার সিরিয়াল নং-৮৮৬ ব্যক্তিটির পাটকেলঘাটা বাজারে স্বর্ণের ব্যবসাসহ আলিশান বাড়ি থাকলেও তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ভাবে একই ওয়ার্ডের শংকর বসু, পিতা অশ্বিন বসু, সিরিয়াল নং-২৫৯, সে প্রতিবন্ধী না হলেও তার নামে প্রতিবন্ধী কার্ড ও ১০ টাকা প্রাইজের কার্ড রয়েছে। একইভাবে অশ্বিন বসুর অন্য পুত্র অশোক বসু, যার সহায়তা সিরিয়াল নং- ২৬০, প্রতিবন্ধী কার্ডের সাথে ফেয়ারপ্রাইজের কার্ডও রয়েছে। তাকেও এই ২০ কেজি খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে। অপরদিকে একই খানা সদস্যের পিতা-পুত্র মাসুদ রানা ও কুদ্দুস বিশ্বাসের নামে পৃথকভাবে এ সহায়তার তালিকায় আনা হয়েছে। যার সিরিয়াল নং- ২৬৩।
একই ওয়ার্ডের বিশ্বনাথ দত্ত, পিতা অধীর দত্ত, খাদ্য সহায়তা নং- ৪৮৪ ও ২৬১ সিরিয়াল নম্বরে অজয় দত্ত ও পিতা বিশ্বনাথ দত্ত একইখানার সদস্য। তাদের আলিশান বাড়ি সহ কয়েক কোটি টাকার সম্পদ থাকলেও তাদেরকে এ খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে। খাদ্য সহায়তার সিরিয়ালের ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, পিতা শামছুর রহমান এর নামেও এই কার্ড প্রদান করা হয়েছে, যার সিরিয়াল নং- ৫৪১। এদিকে আমিনুর রহমানের স্ত্রী শিরিনা আমিনুরের নামে ফেয়ারপ্রাইজের কার্ড রয়েছে। একই পরিবারে আনিছুর, পিতা- শামছুর রহমান ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির ভাইয়ের নামও এই খাদ্য সহায়তার তালিকায় আনা হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের নিজের নাম, ভাইয়ের নাম এমনকি ছেলের নামেও এ খাদ্য সহায়তার কার্ড দেয়া হয়েছে। ছেলের নাম ইকরাম হোসেন, সিরিয়াল নং- ৫৩৬। আজ ১৪ মে এ প্রতিবেদন তৈরীর সময়ও ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, আনিছুরের নামে ভিজিডির কার্ড রয়েছে। যে কার্ড দিয়ে আজ সে চাল উত্তোলন করেছে। যার সিরিয়াল নং- ৫৩৭। জনসংখ্যা ব্যুরোর হিসাব মতে ঐ ইউনিয়নের আয়তন অনুযায়ী ১ থেকে ৯ নং ওয়ার্ডে মোট খাদ্য সহায়তার তালিকায় ব্যাপকভাবে অনিয়ম দূর্নীীত করে নয়ছয় করা হয়েছে। উল্লেখ্য ৯নং ওয়ার্ডে আয়তন ও জনসংখ্যা অনুযায়ী খাদ্য সহায়তা প্রাপ্য কার্ড সংখ্যা হবে ৫৬, কিন্তু চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও সরকারের নির্দেশ অমান্য করে ঐ ওয়ার্ডে ৯৭ জনকে অনিয়মতান্ত্রিকভাবে এ খাদ্য সহায়তার আওতায় এনেছেন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদের ১২ সদস্য মিলে নামের তালিকা করা। ভুল ত্রুটি হতেই পারে। সংশোধনের সুযোগ রয়েছে। তবে বেশিরভাগ তালিকা ইউপি মেম্বররা দিয়েছেন বলে জানিয়েছেন। এবিষয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ওয়ার্ডের প্রকৃত প্রাপ্যদারদের না দিয়ে চেয়ারম্যান ইচ্ছাখুশী মতো তালিকা প্রণয়ন করেছেন। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন, কুমিরা ইউনিয়ন ছাড়াও এ ধরণের অনিয়ম অন্য ইউনিয়নেও হয়েছে। তবে কুমিরা ইউনিয়নে বেশি বলে অভিযোগ এসেছে। আমরা তদন্তপূর্বক সরকারের নির্দেশনা অমান্য করে যারা এহেন কর্মকান্ড করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের বিনামূল্যে সবজি ও ইফতার সামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামন রোধে ঘোষিত‘‘ ঘরে থাকুন নিরাপদে থাকুন’’ সামাজিক দুরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমুজুর, শ্রমিক সহ হতদরিদ্রদের সাহায্যে ৩৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মীর রবিউল আলম ও রূপসী বিউটি পার্লার এর এ্যাড. জামিলা খাতুনের পরিবারের পক্ষ থেকে সাড়ে ৪’শতাধিক পরিবারকে খোলা বাজারে বিনামূল্যে সিমাই, চিনি,আটা, আলু, খিরাই, মুড়ি, লবন, কাঁচামরিচসহ বিভিন্ন প্রকারের সবজি ও ইফতারী সামগ্রী বিতরণ করা হয়। ১৪ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শিরোমণি রূপসী বিউটি পার্লারের সামনে সামাজিক ও শারীরীক দুরত্ব বজায় রেখে শিরোমণি এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমুজুর, হতদরিদ্রের মাঝে সবজি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মীর পরিবারের আলহাজ্ব মীর কবির হোসেন, হাসিনা কবির, মীর তরিকুল ইসলাম,মীর আশরাফুল ইসলাম প্রমুখ।
২নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় এবং খুলনা ৩ আসনের গণমানুষের আশা আকাংখার প্রতীক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন ও অসহায় হতদরীদ্রের মাঝে ১৪মে বৃহস্পতিবার দুপুর ১২টায় কেসিসি ২নং ওয়ার্ড এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২নং ওয়ার্ড নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শেখ সাদী, আবু সাইদ হাওলাদার আব্বাস , এনামুল হাসান ডায়মন্ড, আফসার ঢালী, মুন্সি আব্দুর রউফ, ইমদাদুল হক, রফিকুল ইসলাম, মনির মীর, জহির উদ্দীন লিটন, সান্টু মোল্যা, মোল্যা সোলায়মান, সাজু, শামিম, বিপ্লব, সিরাজুর ইসলাম, আলাউদ্দিন তালুকদার, জহিরুল ইসলাম মামুন, কামরুল সাহিদ, মিরাজ, কাজী শহিদুল ইসলাম, শাহিন রেজা, জসিম, বারেক, কবির প্রমুখ।
অভয়নগরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান ২০২০ এর উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামে প্রান্তিক ও মাঝারি চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে কার্ডধারী কৃষকদের মধ্যে থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য ও কৃষি বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম, নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার মফস্বল সম্পাদক মাসুদ তাজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিফনূর, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল সহ সাংবাদিকবৃন্দ।
সরকারি খাদ্য গুদামের কর্মকর্তা ইসমাইল আদম জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে উপজেলা পরিষদের সভাকক্ষে এ লটারীর আয়োজন করা হয়। শতভাগ স্বচ্ছতার সাথে লটারী করা হয়েছে। আজ উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নের কার্ডধারী কৃষকদের লটারী করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৪০ টাকায় এক মন ধান ক্রয় করা হবে।
খাদ্য নিয়ন্ত্রক মিনা খানম জানান, প্রেমবাগ ইউনিয়নের ৩২০৮টি কার্ডের মধ্যে লটারীর মাধ্যমে ২৪৮ জন, সুন্দলী ইউনিয়নের ১১৯৪টি কার্ডের মধ্যে ১০২ জন, চলিশিয়া ইউনিয়নের ২৭২৮টি কার্ডের মধ্যে ২৬৮ জন এবং পায়রা ইউনিয়নের ১৪২৬টি কার্ডের মধ্যে ২৬২জন কৃষক কার্ডপ্রতি ১ টন করে ধান দিতে পারবেন। আগামী রবিবার উপজেলার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়ন সহ নওয়াপাড়া পৌরসভার কার্ডধারী কৃষকদের লটারী একই স্থানে অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে এ উপজেলায় ২৫০৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত সেই বৃদ্ধের করোনা জয়
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ইব্রাহিম শেখ ওরফে এবের (৭০) বছরের বৃদ্ধ করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানান, গত ২ মে (শনিবার) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (৪মে) তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরাপড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার দুইদিন পর তাঁকে খুলনা মেডিক্যালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে অদ্যবধি একই পরিবারের দুইজন (দাদা ও নাতি) করোনায় আক্রান্ত ছিল। গত ১২ মে চিকিৎসাধীন অবস্থায় দাদার নমুনা সংগ্রহ করা হয়। নমুনায় কভিড-১০ নেগেটিভ পাওয়া যায়। অভয়নগরে তিনি ছিলেন প্রথম করোনা রোগী এবং তিনিই প্রথম করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। আশাকরি তিনি সুস্থভাবে পরিবারের সকলের সাথে ভালো থাকবেন।
আইসোলেশনে থাকা বৃদ্ধের নাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেও ভালো আছে, সুস্থ হয়ে উঠছে। দুই একদিনের মধ্যে তাকেও বাড়ি পৌঁছে দেয়া হবে। করোনা থেকে সুস্থ্য হয়ে উঠা ইব্রাহিম শেখ বলেন আমি অভয়নগরের মানুষের দোয়াই নতুন জীনব ফিরে পেয়েছি। আমার নাতনির জন্য সকলে দোয়া করবেন সে জেনো তারাতারি সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারে।
বেতাগায় মাতৃত্বকালীন ভাতা ভোগীদের মাঝে ডিম বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাঝে পুষ্টিকর খাদ্যের অংশ হিসেবে মুরগীর ডিম বিতরন করা হয়। ১৫ জন মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রত্যেককে ৩০টি করে মুরগীর ডিম বিতরন করেন অত্র বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব এস এম দাউদ আলী, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম, কামরুন্নাহার নিপা, সন্ধা রানী দাশ প্রমূখ।
ফকিরহাটে বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ উন্মুক্ত টেন্ডার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও ৩টি বিদ্যালয়ের কয়েকটি গাছ উন্মুক্ত টেন্ডার বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উন্মুক্ত নিলাম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ প্রমূখ। যে সকল বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম হয়েছে তা হচ্ছে বুড়িরবটতলা, খাজুরা, সাতশিকা, মাসকাটা, ফলতিতা, গোয়ালবাড়ী রাজপাট, খড়রিয়া ও সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া যে সকল বিদ্যালয়ের গাছ বিক্রির নিলাম হয়েছে সেগুলো হচ্ছে বুড়িরবটতলা, বৈলতলী পিলজংগ, ও খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শত শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ
আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ১০১৯-২০ অর্থ বছরে বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ শত জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক সামগ্রী এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক উপকরণ এবং বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুস সালাম, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মনোহর গাইন, প্রভাষক জয়দেব বৈরাগ্য, সমিতির সহ-সভাপতি বলয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।
কেশবপুরের চাঁদড়ায় মামলা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলা, ৭টি বসতবাড়ি ভাংচুর-লুটপাট-আহত-১১
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের চাঁদড়া গ্রামে মামলা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষে উপর হামলা, ৭টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ১৪ মে থানায় অভিযোগ হয়েছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদড়া গ্রামে বিভিন্ন বিষয়ে পূর্ব থেকে বিরোধ ও আদালতে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মণিরামপুর উপজেলার হাজরাকাটী গ্রামের মহির উদ্দীন, তৌহিদ, মোরশেদ, রেজোয়ান, আব্দুল বারিক, আব্দুল করিম, হারুন, কামাল উদ্দীন, তরিকুল, মোসলেম, সোহাগ হোসেন ও ফজলু এবং কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আব্দুল আহাদ, খলিল, আলাউদ্দীন, ইব্রাহীম, আব্দুল মজিদ, আব্দুস সামাদ, ইসমাইল, ইব্রাহীম. হাসাইন, ফয়সাল, আব্দুর রহিম-সহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জন বে-আইনীভাবে সংগবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো গাছি দা, শাবল-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১২ মে বিকাল সাড়ে ৩ টায় প্রতিপক্ষ তোফাজ্জেল মোড়লের পূত্র লিটন মোড়লের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় লিটন (৩৮), পিতা তোফাজ্জল হোসেন (৫৫), ভাই রুবেল (২৮), ভাইয়ের বৌ আঞ্জুয়ারা বেগম (২৪), অন্তস্বত্তা চাচাতো বোন সোনিয়া খাতুন (২০), চাচা বদর উদ্দীন (৫৭), চাচাতো ভাই ওলিয়ার (২৬), চাচাতো ভাবি হামিদা বেগম (২১), চাচা নজরুল ইসলাম (৫০), চাচী ফেরদৌসি বেগম (৪৫) চাচাতো ভাই বাবুল (২৮) কে মারপিট করে আহত করে। হামলাকারীরা এসময় ৭টি বসত-বাড়ি ভাংচুর করে স্বার্নালংকার ও নগদ অর্থ লুটপাট করে হত্যার হুমকী দিয়ে চলে যায়। মারাতœক আহতাবস্থায় এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে লিটন মোড়ল বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে ১৪ মে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফকিরহাটের লখপুরে ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন বৃহস্পতিবার সকাল ১০টায় আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী, জনতা ব্যাংক কাটাখালী শাখা ব্যাবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী মোঃ আলামিন শেখ, প্যানেল চেয়ারম্যান-১ শেখ আহম্মদ আলী, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, শিক্ষক অঞ্জন কুমার দাশ, প্রদ্যুৎ ঘোষ বিশ^াস, মুস্তাফিজুর রহমান, উজ্জল কুমার দাম, আবু রাসেল, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ বজলুল রহমান মোড়ল, আরিদ হোসেন, মোঃ মোতালেব মোড়ল, বিল্লাল হোসেন মিলন, মোঃ হারুনার রশিদ, ফিরোজ খান, সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা ও শিল্পি বেগম প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক দুরাত্ব বজায় রেখে ৩৬৫জন বিধবা ও ৩৯৫জন প্রতিবন্ধি সহ মোট ৭৬০জন ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়।
দেবহাটায় করোনা প্রতিরোধে পালনীয় বিষয়ে পুলিশের সতর্কতামূলক প্রচারনা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় করোনা প্রতিরোধে সর্বসাধারনের অবশ্য পালনীয় বিষয় ও শর্তসমূহ সম্পর্কে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সতর্কতামূলক প্রচারনা অনুষি।টত হয়েছে। শুরুতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একটি প্রচারনামূলক র্যালী উপজেলার বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে একটি ব্যানারে সর্বসাধারনের করোনা বিস্তার রোধে অবশ্য পালনীয় শর্তগুলো লিখে সেগুলো পালনের জন্য সবাইকে আহবান জানানো হয়। পরে উপজেলার গাজীরহাট, সখিপুর, পারুলিয়া ও কুলিয়াসহ বিভিন্ন এলাকায় প্রচারনার পাশাপাশি প্রত্যেকটি দোকানে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এসময় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ছাড়াও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি বিপ্লব কুমার সাহা সকলকে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান।
দেবহাটা বোরো ধান ক্রয়ে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক বাছাই
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা বোরো ধান ক্রয়ে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক বাছাই সম্পন্ন হয়েছে। ২০২০ অর্থবছরে অভ্যন্তরীন ধান সংগ্রহ উপলক্ষ্যে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক নির্বাচন বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের সখর কর্মকর্তার উপস্থিতিতে নিরপেক্ষতা বজায় রাখার জন্য উপজেলার ৫টি ইউনিয়নে এবছর বরাদ্দকৃত ৭৩৩ মেঃটন ধান ক্রয়ের জন্য মোট ২৬২৩টি আবেদনপত্র জমা পড়ে। তার মধ্যে থেকে বৃহষ্পতিবার লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক বাছাই চুড়ান্ত করা হয়। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমানসহ কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুলিয়া ইউনিয়নে ৪৩০টি আবেদনের মধ্যে ১৭৫টি, পারুলিয়া ইউনিয়নে ৮১০টি আবেদনের মধ্যে ১৬৭টি, সখিপুর ইউনিয়নে ৪০২টি আবেদনের মধ্যে ১২৩টি, নওয়াপাড়া ইউনিয়নে ৬৫৪টি আবেদনের মধ্যে ১৬০টি এবং দেবহাটা সদর ইউনিয়নে ৩২৭টি আবেদনের মধ্যে ১০৮ জন কৃষককে লটারীর মাধ্যমে চুড়ান্ত করা হয়।
চিতলমারীতে এক কৃষকের ধান কেটে দিলেন আ’লীগ ও ছাত্রলীগ
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে শ্রমিক সংকটের খবর পেয়ে এক কৃষকের ধান কেটে তার ঘরে তুলে দিয়েছেন আ’লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ।
উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরপনপুর গ্রামের কৃষক হান্না বিশ্বাসের একবিঘা জমির ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় তিনি তা কাটতে পারছিলেন না। এ বিষয়টি আ’লীগের দৃষ্টিগোচর হলে উপজেলা আ’লীগ নেতা এম এ খসরু আহম্মেদ উকিলের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৮ টায় ওই ধান কেটে দেন।
এসময় আংশ গ্রহন করেন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম,ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি ( ভারপ্রপ্ত) ময়িন শেখ, ছত্রলীগ নেতা রহমাত আলী,বড়বাড়িয়া সিনিয়র রহমানিয়া ডিগ্রী মাদ্রাসা শাখার ছাত্রলীগ সভাপতি মো: রমজান, রুবেল উকিল, ফরিদ প্রমুখ।
কুয়েট ভাইস-চ্যান্সেলরের গভীর শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভূতপূর্ব প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম অধ্যক্ষ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীণ বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ হায়দার আযম গত ১২ মে মঙ্গলবার আমেরিকার অস্টিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। প্রফেসর মোঃ হায়দার আযম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি প্রফেসর মোঃ হায়দার আযম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোক বার্তায় কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, প্রফেসর মোঃ হায়দার আযম এর মৃত্যুতে আমরা একজন গুণী প্রকৌশলী ও শিক্ষাবিদ হারালাম, তাঁর অভাব অপূরণীয়।
বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ^াস, খাদ্য গুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, ট্যাগ অফিসার যথাক্রমে এস এম আমীর আলী, সত্যজিৎ বিশ^াস, মৌসুমী আক্তার, আশিক বিন আজাদ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, ডিলার কৌশিক পাল, সমীর রায়, শাহীন মোল্যা, মিজানুর রহমান এলাহীসহ অন্যান্য ডিলারবৃন্দ।
বটিয়াঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ত্রৈমাসিক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনাইটেড কিংডম অব ইউনিসেফ এর সহযোগীতায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার বেলা ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ^াস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী শিক্ষক সন্তোষ মন্ডল প্রমুখ।
হরিঢালীতে আ’লীগের উদ্যোগে দোয়া আলোচনা সভা ও শাড়ী কাপড় বিতারণ
পলাশ কর্মকার, কপিলমুনি
খুলনা ৬ আসনের সংসাদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতা মরহুমা ফাতেমা বেগমের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও শাড়ী কাপড় বিতারণের মধ্যদিয়ে দুস্থ্যদের মাঝে সহায়তা প্রদান করলো হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ।
বুধবার বিকালে পাইকগাছা উপজেলার বানিজ্যিক নগরী কপিলমুনি বাজারের দক্ষিণ প্রান্তে অবস্থিত হরিঢালী আওয়ামীলীগ কার্যালয় ইনছাপ ভবনে শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সরদার জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হরিঢালী- কপিলমুনির সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাংসদ আলহাজ্ব আকতারুজ্জামান বাবু’র মাতা মরহুমা ফাতেমা বেগমের জন্য দোয়া ও রোজাদারদের জন্য খাদ্য ইফতারি বন্টন করা হয়। সরদার জাহাঙ্গীর আলমের ব্যাক্তিগত অর্থায়নে অনুষ্ঠান শেষে বিভিন্ন ওয়ার্ডের দুস্থ্য অসহায়দের মাঝে ১৫০ পিছ ঈদের শাড়ী বিতরণ করা হয়।
কপিলমুনিতে ছাত্রদলের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
পাইকগাছার কপিলমুনিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, এসএম নাজমুল হুদা মিন্টু, শেখ জহিরুল ইসলাম বাবু, গোলাম রব্বানি, সাদ্দাম হোসেন, শেখ রাজু আহমেদ ও মিনারুল ইসলাম।
পাইকগাছার কপিলমুনিতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণে সাংসদ আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৫টি গ্রামের (গোয়ালবাতান, তালতলা, চিনেমলা, কানাইডাঙ্গা, শ্রীফলতলা) চাকুরীজীবীদের উদ্যোগে ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পৃষ্ঠপোষকতায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় করোনার কারণে শ্রমজীবী মানুষ এখন দুর্বিসহ জীবনযাপন করছে উল্লেখ করে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, করোনা সংকটে পাইকগাছা-কয়রার কোন মানুষ না খেয়ে থাকবে না। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির শুরু থেকে কর্মহীনদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আমি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। তিনি বলেন, যারা বিত্তবান, যাদের সামার্থ্য আছে এমন বিভিন্ন পেশার মানুষ যদি শক্তি-সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের নিজের আশপাশের গরীব দুঃখী ও শ্রমজীবী মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তাহলে এরচেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। তিনি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা দীপক কুমার মন্ডল, লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ তৃদ্বীপ কান্তি মন্ডল, যুবলীগ নেতা মৃগাঙ্ক মন্ডল, ফেরদাউস হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, মীর ছদরুল আমিন, আজমল হোসেন বাবু, ইমরান মোল্লা প্রমুখ।
যশোরে সাংবাদিক ফখরে আলম আর নেই
যশোর অফিস
যশোরে প্রথিতযশা সাংবাদিক ফখরে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার নয়টা ৪০ মিনিটে জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ফখরে আলমের মরদেহ এখন তার যশোর শহরের রেলগেট তেঁতুলতলার, ডালমিল বাসভবনে রয়েছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহকর্মীরা যাচ্ছেন সেখানে। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর একপর্যায়ে ফখরে আলম চোখের দৃষ্টিশক্তিও হারান। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।
মৃত্যুর আগ পর্যন্ত ফখরে আলম দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি আজকের কাগজ, মানবজমিন জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন।
সাংবাদিকতা জীবনে তিনি মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক, এফপিএবি পুরস্কার, মধুসূদন একাডেমি পুরস্কার, এফইজেবি পুরস্কার, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ নানা পদক, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
কবি হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল। একসময় যশোর সাহিত্য পরিষদেও সক্রিয় ছিলেন তিনি।
কবিতা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে ফখরে আলম ৩৪টি বই লিখেছেন। তার মধ্যে ‘রিপোর্টারের ডায়েরি’, ‘হাতের মুঠোয় সাংবাদিকতা’, ‘ডাকে প্রেম তুষার চুম্বন’, ‘যশোরের গণহত্যা’, ‘তুই কনেরে পাতাসী’, ‘খুলে ফেলি নক্ষত্রের ছিপি’, ‘এ আমায় কনে নিয়ে আলি’, ‘অন্ধকার চুর্ণ করি’ প্রভৃতি উল্লেখযোগ্য।
১৯৬১ সালের ২১ জুন জন্ম নেওয়া ফখরে আলম বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। যশোর শহরতলীর চাঁচড়া এলাকার বাসিন্দা তার বাবা মরহুম শামসুল হুদা ছিলেন পুলিশ কর্মকর্তা। পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বাদআছর যশোর জিলা স্কুল মাঠে মরহুমের জানাজা হবে। পরে তাকে চাঁচড়ার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এর আগে বিকেল সাড়ে চারটায় প্রেসকাব যশোরে আনা হবে ফখরে আলমের মরদেহ। কাবের সভাপতি জাহিদ হাসান টুকুন জানিয়েছেন, সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ছাড়াও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় রাখা হবে মরদেহ। আগ্রহী ব্যক্তি ও সংগঠনকে বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করেছেন প্রেসকাব সেক্রেটারি আহসান কবীর।
ফখরে আলমের মুত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন , ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, ও সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু। এদিকে তার মৃত্যুতে প্রেসকাব যশোরে বৃহসপতিবার কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারনের কর্মসূচি গ্রহণ করেছে। আগামী রোববার বেলা ১২টায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মণিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে করোনা প্রতিরোধে দায়িত্বপালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার প্রতিরোধের মুখে পড়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বজারে এঘটনা ঘটে। এসময় বিল্লাল হোসেন নামে এক আনসার-ভিডিপি সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও আহসান উল্লাহ শরিফী। ততক্ষণে দোকানপাট বন্ধ হয়ে বাজার ফাঁকা হয়ে যায়।
অভিযানে থাকা ফায়ারম্যান আব্দুস সালাম বলেন, রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার স্যারসহ আমরা চালকিডাঙ্গা বাজারে যাই। যেয়ে দেখি দোকানপাট খোলা: বাজারে লোকজন রয়েছে অনেক। কেউ সরকারি নির্দেশনা মানছে না। এসময় গাড়িতে থাকা আনসার-ভিডিপি সদস্যরা নেমে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। লোকজন সরে গিয়ে পরে আবার সংঘবদ্ধ হয়ে আমাদের গাড়িতে হামলা চালায়।
আব্দুস সালাম বলেন, ম্যাজিস্ট্রেট স্যারসহ আমরা কোনরকমে সরে আসি। ওইসময় হামলাকারীরা আনসার-ভিডিপি সদস্য বিল্লালকে ধাওয়া দিয়ে পাশের বিলে নিয়ে মারপিট করে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
মণিরামপুর থানার এসআই খান আব্দুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে শুনি ম্যাজিস্ট্রেটের গাড়িতে না এক আনসার-ভিডিপি সদস্যকে তাড়া করেছে লোকজন। আমরা যেয়ে দেখি বাজার ফাঁকা; দোকানপাট বন্ধ।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিবাকর ম-ল বলেন, আনসার সদস্যর আঘাত গুরুত্বর না। তিনি সুস্থ আছেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, এই বিষয়ে আমার কোন বক্তব্য নাই। আপনারা ইউএনও স্যারের সাথে কথা বলেন। একপর্যায়ে তিনি বলেন, লোকজন গাড়ির দিকে এগিয়ে আসছিল। তখন আমরা গাড়ি টান দিয়ে চলে আসি।
এই বিষয়ে জানতে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সরকারি মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে নৌবাহিনীর ইফতার ও ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। অসহায় ও দুস্থ পরিবারে ঘরে ঘরে ত্রাণ ও ইফতার সামগ্রী ঁেপৗছানোসহ জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক গলামারী এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক জিরোপয়েন্ট এলাকায় ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং লবনচরা ও মাথাভাঙ্গা এলাকায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সময় বিএসও খুলনা কর্তৃক শিববাড়ী জংশন বস্তি ও বৈকালী এলাকায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ২০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ৭০৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় মুদি দোকান ও কাপরের দোকান হতে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, মামারঘাট, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ১১২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়।
করোনা মোকাবেলায় যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বর্তমানে দেশে এই ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর অঞ্চলে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করার পাশাপাশি বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে ৫৫ পদাতিক ডিভিশন এর সদস্যরা।
এদিকে বৃহত্তর যশোর অঞ্চলের প্রান্তিক এলাকায় যেখানে সাধারণ চিকিৎসা ব্যবস্থা পৌঁছায় না, সেখানে জরুরী চিকিৎসা সেবা নিয়ে হাজির হচ্ছেন যশোর সেনানিবাসের সদস্যরা। এরই মধ্যে যশোর অঞ্চলের একাধিক জেলায় ভ্রাম্যমাণ ফ্রী চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছেন সেনাসদস্যরা। ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব ও দুস্থ মানুষদের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ভ্রাম্যমাণ এই স্বাস্থ্য ক্যাম্প থেকে জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হচ্ছে।
এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলার অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় এবং দুস্থ কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার শস্য/সবজি বীজ বিতরনের করেন সেনা সদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ দুস্থ ও দরিদ্র মানুষের কাছে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এদিকে সীমিত আকারে চালুকৃত মার্কেট/শপিংমলগুলোতে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালানো অব্যহত রেখেছে যশোর সেনানিবাসের সদস্যরা। শুধু যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা নয়, সেনাবাহিনী জাতীয় জীবনের যে কোনো সংকট সাহসের সঙ্গে মোকাবিলা করে আসছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একটি ভিন্নধর্মী প্রতিকূল পরিবেশেও দেশকে বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচাতে দিনরাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
শরণখোলায় ভাগ্নের হাতে মামা খুন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাগ্নের পিটুনিতে মামা সবুজ সিকদার (৫০) নিহত হয়েছে। উপজেলার ধানসাগর গ্রামে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ঘটনাটি ঘটেছে।
নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, ১২হাজার টাকা লেনদের বিষয় নিয়ে গতকাল (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে তার স্বামীর ভগ্নিপতি আলতাফ হোসেন শেখ’র সাথে সামছু শিকদারের পুত্র সবুজ সিকদারের ঝগড়া হয়। এসময় আলতাফ শেখের পুত্র প্রিন্স শেখ মামা সবুজ সিকদারকে লাঠি দিয়ে বেদড়ক মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যায় ।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা শেষে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।
ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত নারী সাতক্ষীরায় উদ্ধার, ৪টি বাড়ি লকডাউন
খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত রোগীকে অবশেষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। টানা ৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে উদ্ধার করা হয়। বুধবার রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশনে পাঠানো হয়ে। করোনা আক্রান্ত ওই নারী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের সোহেল রানার স্ত্রী। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয় করোনা আক্রান্ত একজন রোগী ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় এসেছে। এর পর মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রথমে তার বাড়ি আশাশুনি উপজেলার বেউলা গ্রামে অভিযান চালালে সে পুলিশের অবস্থান জানতে পেরে সেখান থেকে তার মৃত আত্মীয়ের বাড়ি কুল্যা ইউনিয়ের কচুয়া গ্রামে চলে যায়। সেখানেও অভিযান চালায় পুলিশ। কিন্তু তার এক আত্মীয়দের সহযোগিতায় সেখান থেকেও সে মহাজনপুর বিলের মধ্যে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( চলতি দায়িত্বে) মাহফুজুর রহমান জানান, ইতিমধ্যে করোনা আক্রান্ত ওই নারীর বাড়িসহ ৪ টি বাড়ি লক ডাউন
করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় জেলায় ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া জেলা থেকে মোট মাট ৫১০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৩৩৮ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে।
মহেশপুরের মাটিলা সীমান্তে একজন আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে বুধবার দিবাগত রাত্রে ভারতে গমনের সময় ৫৮বিজিবির হাতে একজন আটক হয়েছে। বিজিবি সূত্রে প্রকাশ, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় মাটিলা সীমান্তে ৫২/২২নং পিলার আর এর নিকট হতে টহল বিজিবি উপজেলার মাটিলা মাঠের ভিতর থেকে একজনকে আটক করে। সে ঢাকা জেলার ডেমরা থানার বাহির টেংরা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে বাবুল হোসেন (৩১)। সে অবৈধপথে ভারতে গমন করছিল। এ বিষয়ে বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে ত্রান দেয়ার জন্য ইউএনও শ্রমিকদের তার কার্যালয়ে ডেকে আনেন। এ সময় ৫ কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি করে লবন, ডাল, তেল দিতে চাইলে শ্রমিকরা ক্ষেপে ওঠে। তারা পাইকগাছা প্রধান সড়ক, জিরোপয়েন্ট ও তেলের পাম্পের কাছে অবরোধ সৃষ্টি করে বন্ধ করে দেয়। ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। প্রায় ১ ঘন্টা এ অবস্থা চলাকালে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম ও ওসি এজাজ শফী ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের আশ্বস্তে অবরোধ প্রত্যাহার করে। কর্তৃপক্ষ তাদের দাবী কি তা লিখিতভাবে জানাতে বলেন। তারা মাসে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন ও ২ টি সাবান দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক। সভাপতি আবুল কালাম জানায়, ৫৬৯ শ্রমিক ৫২দিন গাড়ী বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক দিক বিবেচনা করে শ্রমিকদের ত্রাণ দিতে যেয়ে বিপদে পড়েছেন। তারা ত্রাণের পরিবর্তে আড়াই হাজার টাকা বা ২০ কেজি চাল দাবী করে। যা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া করা কারোর পক্ষে সম্ভব নয়।
ইন্দুরকানীতে নবজাতকের মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে পুত্র সন্তানের মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী । উপজেলার খোলপটুয়া জাপানী ব্যারাক হাউজ থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ মেডিক্যাল টিম নিয়ে তাদের উদ্ধার করেন। জাপানী ব্যারাক হাউজের বাসিন্দা জলিল জোমাদ্দার জানান, প্রায় এক সপ্তাহ আগে গর্ববতী মানসিক ভারসাম্যহীন নারী (৩৭) আমাদের এলাকায় আসেন। এখানে সেখানে ঘুরতে থাকেন তিনি। আজ ভোর রাতে আমাদের ব্যারাকের নাসির সিকদারের ঘরের পাশে বসে একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে তার চিৎকারে আবাসনের সবাই এগিয়ে আসে। দুইজন নারী নবজাতকের নাড়ি কেটে মা ও সন্তানের প্রাথমিক পরিচর্চা করেন। নবজাতকটি বিক্রি করার জন্য স্থানীয় একটি মহল পায়তারা চালায়। লাখ টাকা দেন দরবারও হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্যকর্মীদের নিয়ে এসে নিজ গাড়িতে করে তাদের হাসপাতালে নিয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসবের খবর পেয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। পরে আমার গাড়িতে করে তাদের চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করি।
পর্যাপ্ত ত্রাণ, আর্থিক বরাদ্দ ও রেশনের দাবীতে খুলনায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার
অপ্রাতিষ্ঠানিক খাত অর্থাৎ দিনমজুর শ্রমিকদের জন্য পর্যান্ত ত্রাণ, আর্থিক বরাদ্দ এবং কমপক্ষে ৬ মাসের জন্য আর্মি রেটে রেশন দেয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর গল্লামারী মোড়ে সংক্ষিপ্ত পরিষরে শারীরিক দূরত্ব বজায় রেখে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা শাখার উদ্যেগে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের খুলনা জেলা সভাপতি জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাপদক আব্দুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑজেলা কমিটির সদস্য কোহিনুর আক্তার কনা, মোঃ মনির হোসেন, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশের মোট শ্রমজীবী মানুষের ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে ৫ কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, যাদের মধ্যে প্রায় ৪ কোটি দৈনিক কাজভিত্তিক মজুরি চুক্তিতে নিয়োজিত শ্রমিক গত ২৬ মার্চ থেকে অদ্যাবধি ৪৯ দিন যাবত লকডাউনের কারণে কর্মহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। সরকার করোনা পরিস্থিতি উত্তরণে প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু এই প্রণোদনা প্যাকেজে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্দ খুবই কম, বরাদ্দকৃত নগদ সহায়তার ৭৬০ কোটি টাকা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মাথাপিচু বণ্টন করলে প্রত্যেক শ্রমিক পাবে মাত্র ১৪০ টাকা, যা তাদের সাথে প্রহসনের সামিল। প্রচার মাধ্যমে খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদানের যত চিত্র দেখা যাচ্ছে বাস্তবে তা লক্ষ্য করা যাচ্ছে না। খাদ্য নিরাপত্তাহীনতার পাশাপাশি বাসাভাড়া পরিশোধের চাপ শ্রমিকদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। ঈদ উপলক্ষে ৫০ লক্ষ শ্রমিককে আড়াই হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। অথচ দেশে এখন অতি দরিদ্র শ্রমজীবী পরিবার আছে ১ কোটি ৯০ লক্ষ, যাদের বেঁচে থাকার জন্য কমপক্ষে মাসিক ৮ হাজার টাকা প্রয়োজন। নেতৃবৃন্দ অবিলম্বে অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের জন্য পর্যান্ত ত্রাণ, নগদ সহায়তা, আর্মি রেটে সারাবছর রেশন সরবরাহ এবং করোনায় আক্রান্ত শ্রমিকের চিকিৎসা ও সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। নতুবা শ্রমিকদের বঞ্চিত করার অপ্রচেষ্টা বুমেরাং হবে।
নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় বৃহস্পতিবার সকালে খুলনার ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয় চত্বরে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট আটশত ৫৬ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
খুলনায় দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা
তথ্য বিবরণী
খুলনায় দোকানপাট ও শপিংমলে উপচে পড়া ভিড় এবং অসচেতনতার কারণে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কায় খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনার জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ের দোকানপাট ও শপিংমলসমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ আদেশ শুক্রবার সকাল ছয়টা থেকে কার্যকর হবে।
তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা যেমন, ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজারের ক্ষেত্রে খুলনা জেলা প্রশাসন থেকে পূর্বের জারি করা নির্দেশনা বহাল থাকবে।
সকল জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা, ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত নিদের্শনা মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসন থেকে গত ৯ এপ্রিল ২০২০ তারিখের ৫২০ নম্বর স্মারকে করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্ত সাপেক্ষে চালুর সিদ্ধান্ত দেয়া হয়েছিলো। কিন্তু নির্দেশনাসমূহ অনুসরণ না করায় দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির অবস্থা নাজুক: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির অবস্থা একবারে নাজুক। যার কারণে এইসব মানুষেরা রয়েছে চরম কষ্টে। পবিত্র রমযান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। কিন্তু এই অভাবী মানুষেরা যেখানে স্বাভাবিক খাবার-দাবার পাচ্ছে না, সেখানে ঈদের কথা তো মুখে আনা অতিরিক্ত। তবে আশার কথা হলো সাধারণ মানুষের প্রিয় রাজনৈতিক দল বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষতেও থাকবে।
সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, বিএনপি দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকার পরেও এই ক্রান্তিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে হতদরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে। দেশে করোনা ভাইরাস আসার পর থেকে দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে খাদ্যসামগ্রীসহ সকল প্রকার সাহায্য আমরা অব্যাহত রেখেছি। সকলে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগর বিএনপি’র ত্রান সহায়তার কর্মসুচির অংশ হিসেবে দৌলতপুর থানার আড়ংঘাটা ইউনিয়র বিএনপি’র কার্যালয় চত্বরে করোনায় গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসবকথা বলেন।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, দ্বীন এলাহী, তরিকুল ইসলাম, মোতলেবুর রহমান মিতুল, রাসেলুজ্জামান রাসেল, নজরুল ইসলাম, বাবু শেখ, আকসির হোসেন সাজু, অমল সরকার, নারায়ণ মিত্র, সেলিম শেখ, মো. হাসান মোড়ল, বাদশা শেখ, এহসানুল ইসলাম মিথিল, মানিক সরদার, রাহায়ন শেখ, ফারুক শেখ, জামাল শেখ প্রমুখ।
অপরদিকে দুপুর দেড়টার দিকে সদর থানার ৩০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টুটপাড়া দিলখোলা রোড এলাকায় অসহায় গরীব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, ডা. ফারুক হোসেন, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, শামীম আশরাফ, আল আমিন তাণুকদার প্রিন্স, আবু তালেব, সাহাবুদ্দিন আহমেদ, হেমায়েত হোসেন, আলম হোসেন, শুকুর আলি, শাকিব হোসেন প্রমুখ।
এবার মণিরামপুর হাসপাতালের ওয়ার্ডবয় করোনা পজেটিভ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
এবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এমন তথ্য আসে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাসপাতালের ইউএইচও ডা. শুভ্রারানী দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ওয়ার্ডবয় যশোর থেকে অফিস করেন। তিনি যশোরের ক্যান্টনমেন্ট এলাকার সানতলার বাসিন্দা। গত মঙ্গলবার (১২ মে) তার নমুনা সংগ্রহ করা হয়। দীর্ঘ একমাস বাড়িতে ছুটি কাটানোর পর এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ডিউটি করছিলেন। তার বয়স প্রায় ৫৬-৫৭ বছর।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, বুধবার সন্ধ্যায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন মোবাইলে আমাকে ওয়ার্ডবয় আক্রান্তের খবরটি জানিয়েছেন। কিন্তু অফিসিয়ালী কোন কাগজপত্র এখনো হাতে পাইনি।
ডা. শুভ্রা বলেন, আক্রান্ত ওয়ার্ডবয় হার্টের রোগী। তিনি যশোর বক্ষবিধি হাসপাতালে করোনা ইউনিটি ভর্তি হয়ে চিকিৎসা নিবেন।
এই নিয়ে মণিরামপুরে ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালের স্টাফ। আক্রান্তদের মধ্যে প্রথম ব্যক্তি স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম দুইদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি চারজনের মধ্যে দুইজন হাসপাতালের আইসোলেশনে এবং দুইজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিপিবি ও যুব ইউনিয়ন সোনাডাঙ্গা থানায় নগদ অর্থ সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং যুব ইউনিয়ন সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে করোনাজনিত কর্মহীন মানুষের মাঝে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদান করেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমহানগর সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, যুব ইউনিয়ন নেতা রিয়াসাত আলী রিয়াজ, আফজাল হোসেন রাজু, মোঃ বেলাল হোসেন প্রমুখ।
শেখ সোহেলের নির্দেশনায় চলছে পরশ বিশ্বাসের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের নির্দেশ ও অনুপ্রেরণায় খুলনা মহানগরীতে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে তরুণ আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাস। ৩শ’ অসহায় ও কর্মহীন হতদরিদ্র এবং পথচারীদের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) নগরীর ১৬নং ওয়ার্ডস্থ রায়েরমহল এলাকায় ইফতার বিতরণ চলে। আজকের অনুষ্ঠানে অতিথি থেকে ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। সন্মানিত অতিথি ছিলেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু। অতিথিদের মধ্যে আরও ছিলেন নগর যুবলীগের সদস্য শেখ আব্দুল কাদের, রোজী ইসলাম নদী, মোস্তফা শিকদার, সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শহীদ আলী, ১৬নং ওয়ার্ড যুবলীগ নেতা আজগর বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুই রোহিঙ্গার করোনা শনাক্ত
খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় দুই রোহিঙ্গা সহ আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় একজন এবং দু’জন রোহিঙ্গা শরণার্থী। বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই জন রোহিঙ্গার করোনা ধরা পড়লো। এ নিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩২ জনে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে এই ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া পাঁচ জন পুরনো রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ১৬৯ জনের রিপোর্ট নেগেটিভ।
জানা যায়, এ পর্যন্ত কক্সবাজার মেডিক্যালে নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে বান্দরবানের ৯ জন, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সাত জন। করোনা পজিটিভ হওয়া ১২৯ জনের মধ্যে চকরিয়ায় ৩৭ জন, কক্সবাজার সদরে ৩৫ জন, পেকুয়ায় ২০ জন, মহেশখালীতে ১২ জন, উখিয়ায় ১৪ জন, টেকনাফে সাত জন, রামুতে চার জন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই জন। যে দুজন রোহিঙ্গ আজ আক্রান্ত হলেন, তাদের একজন উখিয়ার লম্বাশিয়া এবং অপরজন কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। গত ৪৪ দিনে কক্সবাজার মেডিক্যালের পিসিআর ল্যাবে মোট তিন হাজার ৩৬২ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অসহায় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা
নড়াইল প্রতিনিধি
করোনারভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে হতদরিদ্র কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা গ্রামের কৃষক কমলেশ বাগচীর ৬০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।
এতে অংশ নেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুহিন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লিটন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর শিকদার, জেলা যুবলীগ সদস্য আনুর মোহাম্মদ আনু, জেলা যুবলীগের তথ্য সেল সমন্বয়ক মোহাম্মদ হাদিউজ্জামান, যুবলীগ নেতা জুবায়ের মোহাম্মদ আরজু, সোহেল রানা, মো. রানা হামিদ, এসএম রিফায়েত হোসেন, সরদার আসাবুর রহমান, খুরশীদ আলম, শরিফুল ইসলাম শান্ত, সবুজ শিকদার, ইমরুল কায়েস, রিপন মোল্যা, জামাল উদ্দিন ফকির, মুন্সী মাহফুজুর রহমান প্রমুখ।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাউসুল আযম মাসুম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে যুবলীগের ২০ জন নেতাকর্মী একজন কৃষকের ধান কাটা শুরু করি। যখন কোনও অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে শ্রমিক পাবেন না, আমরা তাদের ধান কেটে দেবো।’
শিক্ষার্থীদের জন্য অনলাইনে কাস, সংশয়ে অভিভাবকরা
স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি খুলনার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে ফেসবুক পেজ ও ইউটিউব মাধ্যমেও কাস নেওয়া হচ্ছে। মহানগরীর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে অনলাইনে কাসের বিষয়ে কিছুটা আগ্রহ রয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলে এই বিষয়ে কেউ তেমন একটা জানেন না। অনেক শিক্ষার্থী অনলাইন সুবিধার বাইরে থাকায় তাই ডিজিটাল শিক্ষার ব্যাপারে সংশয়ে রয়েছেন অভিভাবকরা।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদ বলেন, ‘উদ্যোগটি প্রশংনীয়। কিন্তু যেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে এই পদ্ধতি বাস্তবায়ন ও প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে।’
জানা যায়, ক্রমবর্ধমান সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্কুলে স্মার্টফোন বহন করতে পারবে না বলে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির গত বছরের সেপ্টেম্বর মাসের সভায় সিদ্ধান্ত দিয়েছে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় তৎকালীন ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। এরআগে গত বছরের আগস্ট মাসে খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও নিষেধাজ্ঞা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
ডিজিটাল মাধ্যমে শিক্ষার বিষয়ে অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, ‘বেশিরভাগ শিক্ষার্থীর স্মার্টফোন নেই, কিছু শিক্ষার্থীর স্মার্টফোন থাকলেও অর্থাভাবে ইন্টারনেট সেবা নেই এবং স্মার্টফোন ও ইন্টারনেট সেবা থাকা সামান্য কিছু শিক্ষার্থীর মধ্যে এই অনলাইন শিক্ষা আগ্রহ সৃষ্টি করতে পারছে না। কাসে আই-কন্ট্রাক্টে শিক্ষার্থীকে আগ্রহী করা হয়। কিন্তু অনলাইন শিক্ষায় সেই আগ্রহ তৈরি হচ্ছে না। এর ফলে অনলাইন শিক্ষার সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোই অনলাইন কাসে সাফল্য পাচ্ছে না। সেখানে প্রাথমিক ও মাধ্যমিকে সফল হওয়া কঠিন।’
মহানগরীর রায়পাড়া এলাকার শিক্ষার্থী তানিয়া খাতুন জানান, অনলাইনে কাস করার মতো কোনও সুবিধা তার পরিবারে নেই। বিদ্যালয় বন্ধের পর থেকে পড়ায় তেমন মনোযোগও নেই তাই।
দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের শিক্ষার্থী রাইসুল ইসলাম জানান, তার পরিবারে কথা বলার মতো একটি মোবাইল ফোন রয়েছে। কিন্তু তাতে অনলাইনে কাস করার মতো সুবিধা নেই।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরাজুদ্দোহা বলেন, ‘সংসদ টেলিভিশনের পাশাপাশি এটা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ। সব শিক্ষার্থী এই সুবিধা পাবে না।’
খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন বলেন, ‘যে সব শিক্ষার্থী এবং অভিভাবকরা ইন্টারনেট ব্যবহার করবেন এবং যাদের স্মার্টফোন থাকবে, তারা এই কাসের সুবিধা পাবে, অন্যরা পাবে না।’ খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা সক্রিয় রাখতে শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা চালু করা হয়েছে। সবার কাছে মোবাইল ও ইন্টারনেট সেবা নেই, এটা ঠিক; কিন্তু সংসদ টিভি যত লোক দেখেন, তার চেয়ে বেশি লোকের হাতে মোবাইল ইন্টারনেট সেবা আছে।’ তাই সংসদ টিভির চেয়ে ফেসবুক ও ইউটিউবে অনলাইন শিক্ষা বেশি সফল হবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এর শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকেও সংসদ টেলিভিশনে প্রচারিত সব কাস দেখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিদফতরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি-বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ‘সংসদে বাংলাদেশ টেলিভিশন’-এ নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি চলমান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমও চলছে সংসদ টেলিভিশনে।
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনের পাশাপাশি খুলনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাসের জন্য ফেসবুক ও ইউটিউবেও নেওয়া হচ্ছে কাস। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রাইমারি এডুকেশন খুলনা ও ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর কার্যক্রম ১১ মে উদ্বোধন করা হয়।
প্রকাশক ও দুই সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিন-এর প্রকাশক, সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন কালের কণ্ঠ’র মেহেরপুর প্রতিনিধি। বুধবার (১৩ মে) সন্ধ্যার পর মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় এই মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন-এর প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে একটি বাড়ি ২৬ বছর দখল রাখার অভিযোগ করে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়েছে।
মামলার এক নম্বর আসামি পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সব তথ্য উপাত্ত তার কাছে রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবিলা করা হবে। এদিকে এই পত্রিকার প্রকাশক ও রাজনীতিবীদ এএসএম ইমন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (লিয়াকত-বাবু) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য।
বেনাপোল সীমান্ত থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে খাঁচাবন্দি অবস্তায় দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (১৩ ই মে) বিকালে সাদিপুর গ্রামের একটি মাঠে ৮/৯ জন লোক দলবদ্ধ হয়ে ধান কাটছিলেন। এ সময় ধানক্ষেতে একটি গর্তে মেছো বাঘ দুটিকে দেখতে পেয়ে তারা ধরে ফেলে। স্থানীয়রা জানায়, গ্রামবাসী মাঠে ধান কাটার সময় একটি গর্তের ভেতর বাচ্চা দুটিকে দেখতে পেয়ে ধরে ফেলে। তাদের ধারণা চোরাই পথে ভারতে পাচার করার জন্য মেছো বাঘের বাচ্চা দুটি এখানে আনা হয়েছিল। কিন্তু পাচার করার সুযোগ পায়নি দুর্বৃত্তরা।
বেনাপোলের সাদিপুর গ্রামের পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগে খবর দেওয়া হয়েছে। বাচ্চা দুটি বন বিভাগের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হবে।
সুন্দরবনে চোরাশিকারিদের অপতৎপরতা বৃদ্ধি, রেড এলার্ট জারি
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের কারণে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে সুন্দরবনে চোরাশিকারিরা মেতে উঠেছে হরিণ শিকারে। শিকারিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনে রেড এলার্ট জারি করে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ও বনরক্ষীরা অভিযানে চলিয়ে চোরাশিকারিদের থেকে ২৪ টি জীবিত হরিণ, ৭৯ কেজি হরিণের মাংস, নাইলনের দড়ির ৬ হাজার ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। এসময়ে ৭ জন চোরাশিকারীকে আটকসহ শিকার কাজে ব্যবহৃত ৪ টি ট্রলার ও দু’টি নৌকা জব্দ করা হয়।
প্রশাসনিক সুবিধার জন্য দুইভাগে ভাগ করা হয়েছে সুন্দরবনকে। পূর্ব সুন্দরবন বিভাগ ও পশ্চিম সুন্দরবন বিভাগ। বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জ ও চাঁদপাই রেঞ্জ নিয়ে পূর্ব সুন্দরবন বিভাগ গঠিত।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, পূর্ব সুন্দরবনে মাত্র ৩৬ দিনের ব্যবধানে পুলিশও বনরক্ষীরা অভিযানে চলিয়ে চোরাশিকারীদের কবল থেকে ২৪টি জীবিত হরিণ, ৭৯ কেজি হরিণের মাংস, নাইলনের দড়ির ৬ হাজার ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। এসময়ে ৭ জন চোরাশিকারীকে আটকসহ শিকার কাজে ব্যবহৃত ৪ টি ট্রলার ও দু’টি নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় হরিণ শিকার প্রতিরোধে বনবিভাগ সুন্দরবনে রেড এলাট জারি করে টহল জোরদার করেছে। উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।
বনসংলগ্ন এলাকার মৎসজীবী ও বনজীবীদের সঙ্গে আলাপ করে জানা যায়, চোরাশিকারীর সংঘবদ্ধ চক্র সুন্দর বনের গভীর অরণ্যের হরিণ বসতিপূর্ণ এলাকায় অবস্থান নেয়। কখনো ট্রলারে, কখনও নৌকায় আবার কখনো বনের গাছে মাচা বেঁধে হরিণের গতিবিধি লক্ষ্য করে তারা। শিকারীরা বিশেষ করে কৃষ্ণপক্ষের রাতে জঙ্গলে বেশী হানা দেয়। সুন্দরবনে যে অঞ্চলে কেওড়া গাছ বেশী জন্মে, হরিণের আনাগোনা সেখানে সবচেয়ে বেশী থাকে। ভোরে অথবা পড়ন্ত বিকেলে কিংবা চাঁদনী রাতে হরিণ চরাঞ্চলে ঘাস খায়। রাতের আঁধারে গহীন অরণ্যে সুযোগ বুঝে চোরাশিকারিরা গুলি করে কিংবা ফাঁদ পেতে হরিণ শিকার করে। হরিণ শিকারের পর গোপন আস্তানায় বসে মাংস তৈরী করা হয়। পরে তা বিক্রি করা হয় সুন্দরবন সংলগ্ন হাট বাজারগুলোতে। এক কেজি হরিণের মাংস এ এলাকায় ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের প্রধান আকর্ষন রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণ। বনবিভাগসহ প্রশাসনের কঠোর নজরদারির কারণে সুন্দরবনে প্রচুর পরিমাণে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করছে। তিনি জানান, মরণঘাতি করোনা ভাইরাসের মধ্যেও বনরক্ষীরা বনজ সম্পদ ও বন্যপ্যনী রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মীম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে রূপসা উপজেলার খুলনা-মংলা সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীম উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার (কন্ট্রাক্টর) মো. ইবরাহিম হোসেন ঝুনার মেয়ে। তারা লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শিশু মীম রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই ট্রাকটির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।
খুলনায় ভ্রাম্যমাণ মৎস্য হাসপাতাল
স্টাফ রিপোর্টার
খুলনায় ‘ভ্রাম্যমাণ মৎস্য হাসপাতাল’ চালু করেছে ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিস। করোনার কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে সমস্যা লাঘবে মৎস্য চাষিদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এই হাসপাতাল। করোনার ছোবলে খুলনা অঞ্চলের মৎস্য চাষিরা সংকটে পড়েছেন। অন্যদিকে লকডাউনের কারণে সীমিত হয়ে গেছে মৎস্য অফিসের কার্যক্রম। এ অবস্থায় চাষিরা ঘেরের মাটি-পানি পরীক্ষা করতে পারছেন না। এমনকি মাছের রোগ-বালাইও দমন করা সম্ভব হচ্ছে না।
এমনই পরিস্থিতিতে খুলনার ডুমুরিয়ার ক্ষতিগ্রস্ত চাষিদের সেবায় এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস। এখন আর চাষিদের মৎস্য অফিসে বা কর্মকর্তাদের কাছে যেতে হচ্ছে না, উল্টো ভ্রাম্যমাণ হাসপাতাল নিয়ে কর্মকর্তারাই পৌঁছে যাচ্ছেন চাষির ঘেরে।
এমনকি পরিবহন সংকটে মাছ বিক্রি করতে না পারা চাষিদের মাছও বিক্রির জন্য ‘ভ্রাম্যমাণ নিরাপদ মাছ বাজার’ও চালু করা হয়েছে। এতে সংকটকালীন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন হতাশাগ্রস্ত মৎস্য চাষিরা। উপজেলা মৎস্য অফিসের সূত্র জানায়, চিংড়ি চাষ মৌসুমের শুরুতে ঘেরের মাটি-পানি পরীক্ষা ও পরিমাণ মতো চুন-সার প্রয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েন মৎস্য চাষিরা। এমন পরিস্থিতিতে ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে চালু করা হয়েছে ব্যতিক্রমী ‘ভ্রাম্যমাণ মৎস্য হাসপাতাল’। ইজিবাইকে করে মাটি ও পানি পরীক্ষার সরঞ্জাম পিএইচ মিটার, ডিও মিটার, রিফ্রাক্টো মিটার ইত্যাদি নিয়ে ঘের প্রস্তুত টিমের সদস্যরা পৌঁছে যাচ্ছেন চাষিদের দ্বারপ্রান্তে। ঘেরের পাশে দাঁড়িয়েই মাটি-পানি পরীক্ষা, চুন, সার প্রয়োগ ও নিরাপদ মাছ চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে সুবিধাভাগী চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ২৬ হাজার মৎস্য ঘের রয়েছে। এসব ঘেরের ব্যবস্থাপনায় মৎস্য অফিসের ১৪টি ভ্রাম্যমাণ টিম রয়েছে। করোনা পরবর্তী সময়ে মাছের ঘাটতি মোকাবিলায় চাষি প্রকল্পের আওতায় থাকা আরডি চাষি, বন্ধু চাষি ও সিআইজি সমিতির সমন্বিত উদ্যোগে কাজ করছে উপজেলা ঘের প্রস্তুত টিম।
সূত্র জানায়, মৎস্য হাসপাতালের মাধ্যমে আদর্শ পুকুর-ঘের প্রস্তুতকরণ ও তলদেশ জীবাণুমুক্তকরণ, ঘেরে রাক্ষুসে মাছ দমন, বায়োসিকিউরিটি ব্যবস্থা, মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির কৌশল, খাদ্য তৈরি পর্যবেক্ষণ, মাটি-পানি পরীক্ষা, মাছের আহরণ পদ্ধতি ও রোগ প্রতিরোধ সম্পর্কে চাষিদের সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে যেসব চাষি মাছ বিক্রি করতে পারছেন না, ঘের থেকে তাদের মাছ কিনে ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশনের (পিও) মাধ্যমে চাহিদামতো তা ভোক্তার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা হচ্ছে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোন অর্থ ভোক্তার কাছ থেকে নেয়া হচ্ছে না, কেনা মূল্যেই বিক্রি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় গত ২১ দিনে ৬ লাখ টাকা মূল্যের মাছ বিক্রি করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
আলাপকালে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, স্বাভাবিক সময়ে তার অফিসে প্রতিদিন কমপক্ষে ২০-২৫জন মৎস্য চাষি বিভিন্ন পরামর্শের জন্য আসতেন। কিন্তু করোনার কারণে যাতায়াত সমস্যা এবং অফিস সময়ও সীমিত থাকায় প্রত্যন্ত এলাকার চাষিরা উপজেলা মৎস্য অফিসে যেতে পারছেন না। এ কারণে চাষিদের সেবার বিষয়টি মাথায় রেখেই নিজস্ব ভাবনা থেকেই তিনি ভ্রাম্যমাণ মৎস্য হাসপাতালের উদ্যোগ গ্রহণ করেন। ১২ মে থেকে এ হাসপাতাল চালু করা হয়েছে। এ হাসপাতালের মাধ্যমে কৃষকের ঘেরে গিয়ে মাটি ও পানি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঘের প্রস্তুত করতে কী পরিমাণ চুন ও সার প্রয়োগ করতে হবে, ভাইরাস দমনে ঘেরের চারপাশে বায়োসিকিউরিটির ব্লু নেট কীভাবে দিতে হয় তা হাতে কলমে শেখানো হচ্ছে।
তিনি জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২জন করে স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী (লীফ), ৪০ জনের ২টি করে কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) মৎস্য সমবায় সমিতি এবং ইউনিয়ন প্রতি ৫-১০জনের বন্ধু চাষি রয়েছে। মূলত: তাদের মাধ্যমে চাষিদের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ হাসপাতাল কাজ করছে। এ ধরণের উদ্যোগ বাংলাদেশে প্রথম বলেও উল্লেখ করেন তিনি।
মণিরামপুরে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা করোনা পজেটিভ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সোনালী ব্যাংকের এক সাবেক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এমন তথ্য আসে। রাতেই হাসপাতালের ইউএইচও ডা. শুভ্রারানী দেবনাথ ব্যাংক কর্মকর্তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যাংক কর্মকর্তা পৌরশহরের দূর্গাপুর মাস্টার পাড়ার বাসিন্দা। গত এক দেড়মাস তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসক মেয়ের বাসায় ছিলেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আক্রান্ত ব্যক্তি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন মোবাইলে আমাকে তার আক্রান্তের খবরটি জানিয়েছেন। আমি সাথে সাথে ব্যবস্থা নিতে ইউএনও’কে বিষয়টি জানিয়ে দিয়েছি।
ডা. শুভ্রা বলেন, আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। গত শনি-রোববার তার গায়ে জ¦র ছিল। আজ তিনি ঢাকা থেকে ফিরে সরাসরি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গিয়ে নমুনা দেন। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
‘তিনি এখন মণিরামপুরের বাসায় আইসোলেশনে আছেন। আমার সাথে তার কথা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এছাড়া তার মেয়ে ডাক্তার। তিনিও বাবাকে পরামর্শ দিচ্ছেন,’ যোগ করেন ডা. শুভ্রা।
এদিকে সাবেক ব্যাংকারের করোনা আক্রান্তের খবরে তার বাড়ির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্তের খবর শোনার পর তার বাড়ি লকডাউন করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা তাদের খোঁজখবর রাখছে।
এই নিয়ে মণিরামপুরে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন হাসপাতালের স্টাফ। আক্রান্তদের মধ্যে প্রথম ব্যক্তি স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম দুইদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি চারজনের মধ্যে দুইজন হাসপাতালের আইসোলেশনে এবং দুইজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালের আক্রান্ত এক ওয়ার্ডবয় বৃহস্পতিবার যশোর বক্ষবিধি হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।











































