Home আঞ্চলিক বছরের শেষ দিনে খুলনায় আরও কমলো সবজির দাম

বছরের শেষ দিনে খুলনায় আরও কমলো সবজির দাম

39

স্টাফ রিপোর্টার।।

বছরের শেষ দিনে খুলনার বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যেরই দাম বাড়েনি। তবে একাধিক পণ্যের দাম কমেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) খুলনা মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, রূপসা বাজার, চানমারী বাজার ঘুরে এমনটা জানা যায়।

 

বাজারে শীতকালীন সবজির দাম আরও একদফা কমেছে। একই সঙ্গে মুরগির দামও আছে ক্রেতা নাগালের মধ্যে। গরু আর ছাগলের মাংসের দামে কোনো হেরফের নেই।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল, মনির, মাসুম জানান, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম, বিটকপি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বেগুন ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, লালশাক আঁটি ২০ টাকা, লাউশাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জোড়াকল বাজারের মুরগি ব্যবসায়ী লিপু, মনির, বাদল জানান, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫০ টাকা, সোনালী ২৫০ টাকা, রাজহাঁস ৪০০ টাকা, চীনা হাস ৪০০ টাকা, দেশি মুরগি ৪৩০ টাকা। গত চার-পাঁচ দিন ধরে একই দাম বিরাজমান।

 

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে মুরগি কিনতে আসা গৃহিণী নাফিসা বেগম বলেন, ‘এখন বাজারে সবজি আর মুরগি কিনে খুশি মনে বাড়ি ফিরতে পারছি। ১২০ টাকার সবজি এখন মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে। বছরের শেষ দিনে মুরগির দাম বাড়ে। এবার দাম কম পেলাম। তবে মাছের দাম আগের মতোই।’

বেসরকারি চাকরিজীবী নবীন বিশ্বাস বলেন, ‘আর কয়দিন পর শীতের সবজি বাজারে ৫-১০ টাকায় পাওয়া যাবে। সবজির মত চিনি, তেল ডালের দাম কমলে মানুষ একটু ভালোভাবে চলতে পারবে।

নগরীর ময়লাপোতার গরুর মাংস বিক্রেতা জাহিদ হোসেন, আরমান শেখ বলেন, দাম কমা কিংবা বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নাই। বাজারে এখন গরুর মাংস ৬৫০ টাকা আর ছাগলের মাংস ৮৫০ কেজি দরে বিক্রি হচ্ছে।