নিজস্ব সংবাদদাতা বেনাপোল ।।
ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক ৩ বাংলাদেশী যুবক সে দেশে দেড় বছর কারাভোগের পর আজ বৃহস্পতিবার ভোরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
ফেরত আসারা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনারবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল হাসেম (২১),একই থানার রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন(২২) এবং লক্ষীপুর জেলার চন্দ্রাগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সালাউদ্দিন (২০)।
ফেরত আসা সালাউদ্দিন বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে ভারতের মহারাষ্ট্র শহরে যাই। সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে জেলা হাজতে প্রেরন করে । পরে আদালত তাদের দেড় বছরের সাজা প্রদান করেন। সাজা শেষে আজ দেশে ফিরে আসলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভারতে দেড় বছর সাজাভোগের পর ৩ বাংলাদেশি যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্টানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য। ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।









































