Home জাতীয় চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামীসহ ২ জনের বিচার শুরু

চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামীসহ ২ জনের বিচার শুরু

13

ঢাকা অফিস।।
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ঠিক করেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো বলে জানিয়েছেন পিপি শেখ হেমায়েত হোসেন।

জানা যায়, গত ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ এবং কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে ৩০০ গজ উত্তরপাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোঁপের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে। তার পরিচয় মিলছিল না। পরে ওই রাতে তার আঙুলের ছাপ নিয়ে শিমুর নাম-পরিচয় শনাক্ত করে পিবিআই।

পরদিন শিমুর ভাই হারুনর রশীদ কেরাণীগঞ্জ থানায় নোবেল ও ফরহাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে রিমান্ডে গিয়ে আসামিরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা দুজন কারাগারে রয়েছেন।