Home আঞ্চলিক চিতলমারীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

চিতলমারীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

120

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে কাল বৈশাখী ঝড়ে বিপুল পরিমান গাছপালা, বিদ্যুতের তার ও ৩০ টির উপরে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঘরের উপর গাছ পড়ে হিজলা শেখ পাড়া গ্রামের আনসার মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় তার ছোট বোন সুরাইয়া (৮) আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হিজলা শেখ পাড়া গ্রামে হঠাৎ ঝড়ে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া পল্লিবিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে থাকা পাকা ধানে বৃষ্টি ও ঝড়ে ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

ঘরবাড়ি ভাংচুরের খবর পেয়ে হিজলা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আজমির হোসেন ঘটনাস্থল পরিদর্শণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করেছেন। এছাড়া বড়বাড়িয়া চরপাড়া একটি নতুন নির্মান করা টিনের মসজিদ ঘর সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছে।ওই এলাকায় একটি সুপারি বাগানের ব্যাপক ক্ষয়খতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান কাজী আজমির হোসেন বলেন, আকস্মিক ঝড়ে আমার ইউনিয়নের ৩০ টির অধিক কাচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে এক কিশোর মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে চাম্বল গাছ পড়ে তার ছেলে  ইমন মল্লিক নিহত হয়েছে। এছাড়া কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান ।