Home আঞ্চলিক খুলনায় পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্ট নিয়ে বিভাগীয় তদন্ত

খুলনায় পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্ট নিয়ে বিভাগীয় তদন্ত

12

স্টাফ রিপোর্টার:

খুলনায় আলমগীর কবির নামে একজন পুলিশ পরিদর্শকের (ওসি) ফেসবুক পোস্ট নিয়ে বিব্রত পুলিশ প্রশাসন। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন। সোমবার দুপুর ২টা ৪মিনিটে আলমগীর কবির নামে একটি ফেইসবুক আইডি থেকে বিভাগীয় পুলিশ হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে অনেক আইডি থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে পুলিশ কর্মকর্তাদের তিরস্কার করা হয়েছে। পাশাপাশি শেয়ারের মাধ্যমে পোস্টটি বহু ফেসবুক ব্যবহারকারীর কাছে ছড়িয়ে গেছে। পুলিশ পরিদর্শক আলমগীর কবির খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রয়েছেন।

ওই পোস্টের শিরোনামে বলা হয়, খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল, মজা পাইলাম। এরপর নিচে লেখা হয় নাপা নাই, স্যালাইন নাই, ক্যালসিয়াম নাই…। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে খুলনার রেঞ্জ ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির গনমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হাসপাতালে ওষুধ সংকটের বিষয়টি অস্বীকার করেছেন। এর পরপরই ওই ফেইসবুক আইডি থেকে পোস্টটি আর দেখা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিব্রতকর পোস্ট দেয়ার বিষয়টি তদন্ত শুরু করেছে খুলনা জেলা পুলিশ। পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এ তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানকে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে কোনো প্রকার ওষুধের সংকট নেই।

খুলনার রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দিন বলেন, এ বিষয়ে খুলনা জেলার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।