Home Lead সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

1


সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের পরিবারের কাছে তাঁরা মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবারের মধ্যে মুক্তিপণ না দিলে জেলেদের হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে বনদস্যু বাহিনী।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগরের কুলতলী এলাকার ইয়াছিন খাঁ (৩২) ও আলমগীর খাঁ (৩৮); হরিনগর গ্রামের আল আমিন মোল্লা (৩৫), কামরুল গাজী (৫০) ও শাহজাহান গাজী (৪৮) এবং খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের শহীদুল গাজী (৪৬)।

এ ঘটনায় আহত হয়েছেন জেলে ইসমাইল খাঁ। তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসমাইল খাঁ জানান, তাঁরা ১৮ জন জেলে কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে পাঁচটি নৌকায় সুন্দরবনে যান। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ জুন তাঁদের ফিরে আসার কথা ছিল। গতকাল রাতে ফেরার পথে মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল এলাকায় আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাতেরা তাঁদের নৌকায় হামলা চালায়। এ সময় ছয়জনকে তুলে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। প্রতিবাদ করায় তাঁকে নৌকার বইঠা দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়।

সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল করিম বলেন, বিষয়টি তাঁরা লোকমুখে জেনেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।