ঢাকা অফিস।।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা হয়
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা হয়।
সাক্ষাতে স্পিকার বলেন, ’বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে। সে সময় ভারত সরকার বাংলাদেশকে সহায়তা করে।’
তিনি আরো বলেন, ’জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ভারতের সমর্থন দুই দেশের সহযোগিতামূলক সম্পর্কের পরিচয় দেয়।’
স্পিকার বলেন, ’বর্তমান সংসদ প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয় ভূমিকা রাখছে। সংসদীয় সম্পর্ক আরো জোরদার করতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে কাজ করার প্রয়োজন রয়েছে।’
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ’বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরো এগিয়ে নেয়া সম্ভব।’
এ সময় ভারতীয় হাইকমিশনার স্পিকারকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভারতের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন। বৈঠকে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








































