আইএসপিআর
ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যার্তদের পুনবার্সনে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা’র উদ্যোগে এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় নবনির্মিত ৮৫টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী নবনির্মিত এসকল বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মাঝে ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি প্রবেশের কারণে গত ২১ আগস্ট ২০২৪ দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকষ্মিক এই প্লাবনে বাড়ি-ঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। এতে বিপুল সংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।
উল্লেখ্য, ইতিপূর্বে নৌবাহিনী কর্তৃক ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ ৩৯টি প্রতিষ্ঠানে ব্যবহার্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। নৌবাহিনীর এ ধরনের জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।










































