Home Blog Page 2

ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান


ক্রীড়া ডেস্ক।

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক সামাজিক ও আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ।

২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ফরাসি জাতীয় দলের দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের কোচ দিদিয়ে দেশম। দেশমের বিদায়ের পরপরই পরবর্তী কোচ হিসেবে ফরাসি সংবাদমাধ্যমে উঠে আসে জিদানের নাম। অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ফরাসি ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হলো এই ফরাসি মহাতারকার হাতে।

ইরানের সঙ্গে সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৬২৪: পেন্টাগন


আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৬২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। গত ২৫ জুলাই প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নিহত ১৮ সেনার মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে। বাকি চারজন ৭ জুলাই নতুন করে সংঘাত শুরু হওয়ার পর নিহত হন।

আহত সেনাদের মধ্যে ৪১৭ জন ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় আহত হয়েছেন। অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তির পর সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০৭ জন।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। প্রায় ৪০ দিনের সামরিক অভিযান শেষে গত ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি। বিরতির সময়ও মাঝেমধ্যে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এর মধ্যেই গত ৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তির ঘোষণা দেন।

অভিযান শেষ হলেও ইরানের বিভিন্ন বন্দরের ওপর মার্কিন বাহিনীর অবরোধ বহাল থাকে। অন্যদিকে, যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলের ওপর ইরান যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটিও প্রত্যাহার করা হয়নি।

এমন অচলাবস্থার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক (ইসলামাবাদ এমওইউ) সই করে ওয়াশিংটন ও তেহরান। চুক্তি অনুযায়ী, উভয় দেশ ৬০ দিন একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা থেকে বিরত থাকার বিষয়ে সম্মত হয়। তবে ওই সমঝোতা বেশিদিন কার্যকর থাকেনি। ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলায় হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৭ জুলাই থেকে আবারও দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। পরবর্তী ১৩ রাত ধরে উভয় পক্ষ একে অপরের অবস্থানে ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা চালায়।

সবশেষে গত ২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা বন্ধ রেখেছে বলে জানিয়েছে পেন্টাগন।

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সুনামি সতর্কতা জারি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জেএমএ জানিয়েছে, কুমামোতোর পশ্চিম উপকূলের কাছে অবস্থিত আরিয়াকে উপসাগরের জন্য এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এলাকাটি রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ভূমিকম্পের পর পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের পর জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। এসব অঞ্চল জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে অবস্থিত।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর প্রায় ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূকম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরি ও গভীর সমুদ্রখাতঘেরা ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান হওয়ায় বিশ্বে ৬.০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে।

প্রায় ১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা ভয়াবহ এক ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং আরও ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সব ধরনের ট্রেন চলাচল, এমনকি উচ্চগতির বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকার কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক কোনো পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

টেস্টটিউব বেবি, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন


ডা. শাহীনা বেগম শান্তা।।

১৯৭৮ সালের ২৫ জুলাই সমগ্র বিশ্বের চিকিৎসাবিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয় ইংল্যান্ডে। জন্ম হয় প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউন। প্যাট্রিক স্টেপটো ও রবার্টস এডওয়ার্ডস নামক দুজন চিকিৎসকের পুনঃপুন ও অক্লান্ত একাগ্রতার ফসল হলেন লুইস ব্রাউন। পরবর্তী সময়ে এ দুজন চিকিৎসক নোবেল পুরস্কার অর্জন করেন চিকিৎসাশাস্ত্রে। আইভিএফ চিকিৎসা সারা বিশ্বেই এখন গ্রহণযোগ্যতা পেয়েছে ও আরও আধুনিক রূপে এটার অগ্রগতি এখন ঈর্ষণীয়। প্রথম আইভিএফ বা টেস্টটিউব বেবি জন্মের পর ৪৮ বছর পার হয়ে গেছে, তবুও সাধারণ মানুষের মাঝে এ চিকিৎসা নিয়ে নানারকম জল্পনা-কল্পনার অবসান আজ অবধি হয়নি। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো- লুইস ব্রাউন কিন্তু পরবর্তী সময়ে একেবারে প্রাকৃতিকভাবেই গর্ভধারণ করেন, বিশেষায়িত কোনো চিকিৎসা নিতে হয়নি।

আইভিএফ বেবি হলো ডিম্বাণু ও শুক্রাণু শরীরের বাইরে নিষিক্ত করে ল্যাবরেটরিতে ভ্রƒণ তৈরি করা হয় ও তা ইনকিউবেটরে বিশেষ তাপমাত্রায় ও বিশেষ পুষ্টিসমৃদ্ধ মিডিয়ার মাঝে যেন বেড়ে ওঠে, সেটা নিশ্চিত করা হয়। এরপর দিন হিসাব করে মাতৃগর্ভে প্রতিস্থাপন করা হয়। প্রাকৃতিকভাবে যে প্রক্রিয়াটা নারীর শরীরের অভ্যন্তরে হওয়ার কথা ছিল, সেটা ল্যাবরেটরিতে করা হয়। এরপর বাচ্চার বেড়ে ওঠা ও জন্মপ্রক্রিয়া আর ৮-১০টা সাধারণ মানব শিশুর মতোই।

আইভিএফ বেবি নিয়ে কিছু ভুল ধারণা মানুষ পোষণ করে; যেমন-

  • এ বাচ্চাগুলো দেখতে আলাদা হয়।
  • এদের বুদ্ধিমাত্রা সাধারণ মানব শিশুর চেয়ে ভিন্ন।
  • এরা সম্ভবত টেস্টটিউবের ভেতর বেড়ে ওঠে ও সেখান থেকে জন্ম নেয়।
  • অন্য কারও ডিম্বাণু ও শুক্রাণু দম্পতিকে না জানিয়ে ব্যবহার করা হয়।
  • এ চিকিৎসা ইসলাম ধর্মে অনুমোদন দেয় না।

সংক্ষিপ্ত আকারে যদি এ জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়া হয়, তাহলে বলতে চাই, টেস্টটিউব বেবি চিকিৎসায় জন্ম নেওয়া সন্তানরা স্বাভাবিক মানব শিশুর মতোই মাতৃগর্ভে বড় হয়, জন্ম হয় একই নিয়মে, স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য নেই ও নিজের ডিম্বাণু ও শুক্রাণু ব্যবহার করলে এ চিকিৎসায় কোনো বাধা নেই ইসলাম ধর্মে।

বাংলাদেশেই বেশকিছু ইনফার্টলিটি সেন্টার হয়েছে, যারা সফলতা ও স্বচ্ছতার সঙ্গে এ চিকিৎসা দিচ্ছে। সফলতার হার ৪০ থেকে ৬০-৭০ শতাংশ। বাংলাদেশের প্রথম আইভিএফ বেবি হীরা-মণি-মুক্তা জন্ম নেয় ২০০১ সালে ও প্রথম হিমায়িত ভ্রƒণ বেবি অপসরা জন্ম নেয় ২০০৮ সালে।

নিঃসন্তান দম্পতিরা আস্থার সঙ্গে ও উপযুক্ত সময়ে এ চিকিৎসা গ্রহণ করলে ফলাফল আশানুরূপ হবে ও একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। তবে প্রাইভেট খাতে সারা বিশ্বের মতো এ চিকিৎসা ব্যয়বহুল।

ডা. শাহীনা বেগম শান্তা

সিনিয়র কনসালট্যান্ট ইনফার্টিলিটি ও আইভিএফ বিআরবি হাসপাতাল

ওষুধ নয়, এক চামচ পিনাট বাটারেই মিলতে পারে ভালো ঘুমের সমাধান

মিলি রহমান।।

রাতে ঘুম আসতে দেরি হয়? বারবার ঘুম ভেঙে যায় বা দুশ্চিন্তায় এপাশ-ওপাশ করেই রাত কেটে যায়? এমন সমস্যায় ঘুমের ওষুধ নয়, রান্নাঘরে থাকা সহজ একটি খাবারই কিছু মানুষের জন্য সহায়ক হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন চিকিৎসক। তার পরামর্শ, ঘুমানোর প্রায় দুই ঘণ্টা আগে অল্প পরিমাণ পিনাট বাটার খেয়ে দেখা যেতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডা. কুনাল সুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ঘুমের সঙ্গে পিনাট বাটারের সম্ভাব্য সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তার মতে, পিনাট বাটারে থাকা কিছু পুষ্টি উপাদান শরীরকে শিথিল করতে এবং রাতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করবে এমন নিশ্চয়তা নেই।

কেন উপকারী হতে পারে পিনাট বাটার?

ডা. সুদের মতে, পিনাট বাটারে থাকা ট্রিপটোফ্যান সেরোটোনিন তৈরিতে ভূমিকা রাখে। সেরোটোনিন মস্তিষ্কে প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে, যা ঘুমের জন্য সহায়ক হতে পারে। এ ছাড়া পিনাট বাটারে থাকা স্বাস্থ্যকর চর্বি কার্বোহাইড্রেট শোষণের গতি ধীর করতে পারে। এর ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে দ্রুত কমে যাওয়ার প্রবণতা কমতে পারে। রক্তে শর্করার এমন ওঠানামা অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। পিনাট বাটারে থাকা ম্যাগনেশিয়ামও শরীরকে শিথিল করতে এবং ঘুমের মান উন্নত করতে সহায়তা করতে পারে।

যারা এই অভ্যাসটি চেষ্টা করতে চান, তাদের ঘুমানোর ঠিক আগে পিনাট বাটার না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. সুদ। তার মতে, ঘুমানোর প্রায় দুই ঘণ্টা আগে খেলে হজমের অস্বস্তি এড়ানো যেতে পারে। তবে পিনাট বাটার কোনো ঘুমের ওষুধ নয় এবং দীর্ঘমেয়াদি অনিদ্রা বা ঘুমের সমস্যার চিকিৎসার বিকল্পও নয়। কারও ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে, আবার কারও ক্ষেত্রে তেমন উপকার নাও মিলতে পারে। তাই ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের


বিনোদন ডেস্ক।।

শিক্ষার্থীদের প্রতিবাদে গিয়ে আইনি জটিলতায় পড়লেন শ্রীলেখা মিত্র। আনন্দপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এ ছাড়াও একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২৪শে জুলাই শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন দাবিতে একজোট হয়েছিলেন মানুষ। সেই প্রতিবাদে শামিল হন শ্রীলেখাও। তিনি হাতে একটি পোস্টার নিয়ে ছবি তোলেন। সেই পোস্টারে প্রধানমন্ত্রীর একটি কুরুচিকর ছবি প্রদর্শন করা হয় বলে অভিযোগ রয়েছে।

রাবিনার অভিযোগ


বিনোদন ডেস্ক।।

ব্যাপক বিতর্ক ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জেন-জি’র এই আন্দোলনকে বলিউডের বহু তারকা সমর্থন করলেও অভিনেত্রী রাবিনা ট্যান্ডন বেশ কিছু অভিযোগ করেছেন। অভিনেত্রীর দাবি, এই আন্দোলন বিভিন্ন রাজ্যে দুষ্কৃতি, রাজনৈতিক আস্ফালনের শিকার। অনেকে তো আবার সেলফি নেয়ার জন্যও আন্দোলনে অংশগ্রহণ করতে ছুটে এসেছেন। এ রকম কিছু বিক্ষিপ্ত ঘটনার কারণেই ন্যায়বিচারের লড়াইয়ে স্বচ্ছ আন্দোলন কলঙ্কিত হয়েছে। যুব সমাজের প্রতিবাদী কণ্ঠস্বরের প্রশংসা করেন তিনি। রাবিনার বিশ্বাস, এই আন্দোলন ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করলো।


অভিনেত্রীর ভাষ্য, হিংসা এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি অবশ্যই উচ্ছৃঙ্খল কিছু মানুষের কাজ। প্রার্থনা করি, আমাদের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারি স্কুলগুলো দুর্নীতিমুক্ত হবে। সকলের জন্য শিক্ষার সহজলভ্যতা নিশ্চিত হবে। তার কথায়, ‘যখন পড়বে ভারত, বাড়বে ভারত’। অতীতে পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী ও বন সংরক্ষণ বিষয়ক আন্দোলনের ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন রাবিনা। অভিনেত্রীর মতে, মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে, পৃথিবীর বিকল্প কোনো গ্রহ নেই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, মানুষের কণ্ঠস্বর অবশেষে শোনা হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এতদিন পরিবেশ, বন্যপ্রাণী ও বন সংরক্ষণের জন্য আন্দোলন বিফলে গিয়েছিল। কিন্তু এখন মানুষের চেতনা বৃদ্ধি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে ‘প্ল্যান বি’ বলে কিছু নেই।

খুলনায় শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার||

বিয়ের ভুয়া এফিডেভিট বানিয়ে দাম্পত্য সম্পর্কের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত ও লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ শামীম হোসেন (৫০) নামের এক শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মোঃ শামীম হোসেন নগরীর দৌলতপুর থানার মানিকতলা মেইন রোড এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে। তিনি একটি সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩-এ সোনাডাঙ্গা এলাকার এক ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা (৪৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্রে অভিযুক্ত শামীম হোসেন বাদীকে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাদীর বাসায় বসে ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত। আনুষ্ঠানিক রেজিস্ট্রি কাবিন না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বাদীর সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

মামলার আরজিতে আরও অভিযোগ করা হয়, শারীরিক সম্পর্কের একপর্যায়ে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক তাঁর গর্ভের সন্তান নষ্ট (ভ্রূণ নষ্ট) করেন। এছাড়া ব্যবসার কথা বলে বাদীর কাছ থেকে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা বিকাশ ও নগদ অর্থে লেনদেন হয়েছিল।

পরবর্তীতে কাবিননামা ও স্ত্রীর অধিকারের দাবি জানালে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্ত শিক্ষক শামীম হোসেন বিয়ে অস্বীকার করেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। সোনাডাঙ্গা থানায় আইনি সহায়তা না পেয়ে ভুক্তভোগী নারী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করতে বাধ্য হন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি ও ফোন তারেক রহমানের


ঢাকা অফিস
বাংলাদেশে চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। একই সাথে দেশটির প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমকে ফোন করে তার সাথে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস-সংকট বিরাজ করছে। দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। প্রতিমন্ত্রী বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন।


দেশের এই উদ্ভূত জ্বালানিসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী অমিত বলেন, এই সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

অটোরিকশা ছিনতাই করছিলেন দুই নারী, জনতার হাতে ধরা


খুলনাঞ্চল রিপোর্ট
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑনারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তালতলা এলাকার নূপুর আক্তার ও একই এলাকার জান্নাত। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে মলম পার্টি চক্রের দুই পুরুষ ও দুই নারী সদস্য যাত্রীবেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশা নিয়ে তারা পশ্চিমগাঁও এলাকার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে আটটার দিকে অটোরিকশাটি পশ্চিমগাঁও এলাকার কাছাকাছি পৌঁছালে তারা পানি খাওয়ার কথা বলে গাড়িটি থামান।


এ সময় কৌশলে অটোরিকশাচালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। এতে চালক অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে হাতেনাতে ধরে ফেলেন। তবে চক্রের অন্য দুই পুরুষ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা আটক দুই নারীকে পুলিশে সোপর্দ করেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় চালকের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।