সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রত্যাহারের দাবি

485


স্টাফ রিপোর্টার।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে খুলনা জেলা উন্নয়ন কমিটি।


স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তাছলিমা আক্তার (পরিচিতি নং-১৭২১২) আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ৩১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে অতীতে ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের পর তিনি খুলনায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্বে থাকলেও পরবর্তীতে কৌশলগতভাবে নিজেকে আড়াল করার উদ্দেশ্যে খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে বদলি নেন।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার পদটি বর্তমানে প্রশাসনিকভাবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলেও, সংশ্লিষ্ট কর্মকর্তা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা ও বিভাগ পর্যায়ে তৎপরতা চালাচ্ছেন। অভিযোগে বলা হয়, তিনি আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রশাসনিক সুবিধা প্রদানের মাধ্যমে রাজনৈতিক সমন্বয়ের ভূমিকা পালন করছেন, যা চলমান নির্বাচন প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।


এছাড়া স্মারকলিপিতে দাবি করা হয়, তাছলিমা আক্তারের পারিবারিক পরিচয় ও অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। অভিযোগ অনুযায়ী, খুলনার সরকারি বাসভবনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর অবস্থানের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


১৪ ডিসেম্বর খুলনা জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, চলমান সংস্কার কার্যক্রম শেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এমন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রাখা নির্বাচন ব্যবস্থার জন্য অন্তরায় হতে পারে। তাই জরুরি বিবেচনায় তাছলিমা আক্তারকে খুলনা জেলা পরিষদ ও খুলনা বিভাগ থেকে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


স্মারকলিপির অনুলিপি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে।