বিচ্ছেদের ১০ মাস পর প্রথমবার এক মঞ্চে চাহাল-ধনশ্রী?

6


স্পোর্টস ডেস্ক

ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার-ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা-বিবাহবিচ্ছেদের প্রায় ১০ মাস পর আসন্ন রিয়েলিটি শো ‘দ্য ৫০’-এ একসঙ্গে দেখা দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও শোটির নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদের তালিকা প্রকাশ করেননি, একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, চাহাল ও ধনশ্রী দুজনই সম্ভাব্য তালিকায় রয়েছেন।

২০২০ সালে বিয়ে করা এই দম্পতি তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিতেন। তবে গত বছর তাদের বিচ্ছেদ অনেককেই বিস্মিত করে। বিচ্ছেদের পর থেকে দুজনই আলাদা হওয়ার কারণ নিয়ে প্রায় নীরব থেকেছেন।

প্রতিবেদন অনুযায়ী, নির্মাতারা যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মাকে শোটিতে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। যদি তারা সত্যিই একই শোতে অংশ নেন, তবে বিবাহবিচ্ছেদের পর এই প্রথমবার তারা কোনো প্রকাশ্য প্ল্যাটফর্মে একসঙ্গে হাজির হবেন।

চাহাল আগে কখনো রিয়েলিটি শোতে অংশ নেননি। তবে ধনশ্রী এর আগে ‘রাইজ অ্যান্ড ফল’ শোতে অংশ নিয়ে চাহালের সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, বিয়ের প্রথম দুই মাসের মধ্যেই চাহাল নাকি তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন।

চাহাল ও ধনশ্রী ছাড়াও আরও বেশ কয়েকজন তারকার নাম শোনা যাচ্ছে, যারা আলোচনায় আছেন বা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন-অরি, এমিওয়ে বান্টাই, নিকি তাম্বোলি, শ্বেতা তিওয়ারি, অঙ্কিতা লোখান্ডে, শিব ঠাকরে, কুশা কাপিলা, শ্রীসন্থ, উরফি জাভেদ, তানিয়া মিত্তাল ও ফয়সাল শেখ।

‘দ্য ৫০’ শোটিকে ভারতের অন্যতম বৃহৎ রিয়েলিটি ফরম্যাট হিসেবে প্রচার করা হচ্ছে। এতে খেলাধুলা, সিনেমা, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টসহ বিভিন্ন ক্ষেত্রের সর্বোচ্চ ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন।

যুজবেন্দ্র চাহাল ২০২৫ সালে ধনশ্রী ভার্মার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানেন। ডিসেম্বর ২০২০ থেকে বিবাহিত এই দম্পতি বিচ্ছেদের আগে প্রায় ১৮ মাস আলাদা ছিলেন। পরে পারস্পরিক সমঝোতায় বিবাহবিচ্ছেদের আবেদন করলে বান্দ্রা পারিবারিক আদালত প্রায় ৪.৭৫ কোটি রুপি খোরপোষ নির্ধারণ করে ডিভোর্স মঞ্জুর করে।

বিচ্ছেদের সময় ওঠা প্রতারণার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন চাহাল। গণমাধ্যমে তিনি বলেন, তিনি কখনোই অবিশ্বস্ত ছিলেন না এবং ওই সময়টা তাঁর জন্য মানসিকভাবে খুব কঠিন ছিল।

ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর যুজবেন্দ্র চাহাল নাকি আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন-এমন গুঞ্জনও রয়েছে। যদিও দুজনই বারবার এসব দাবি অস্বীকার করেছেন, তবু আইপিএল ম্যাচে মাহভাশকে চাহালের সমর্থনে দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি ও মুহূর্ত শেয়ার করার কারণে গুজব থামেনি।

সামাজিক মাধ্যমে মাহভাশ নিজেও সমালোচনার জবাব দিয়েছেন। তিনি অন্যায় ট্রোলিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেছেন, তাকে দোষারোপ করা বা চাহালকে তার সাবেক স্ত্রীর কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়ার’ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কেবল ভিউ পাওয়ার জন্যই এমন কথা ছড়ানো হচ্ছে।